শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন ডাকসু নেতারা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানালেন ডাকসু নেতারা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণার পর ‘আলহামদুলিল্লাহ’ বলে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা। তারা শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে বলেন, দিল্লি থেকে তাকে ফিরিয়ে এনে শাস্তি বাস্তবায়ন করতে হবে।

ট্রাইব্যুনালের রায়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ব্যাপক হত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনটি অভিযোগের মধ্যে দুইটিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। আসাদুজ্জামান খান কামাল তিনটি অভিযোগেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন।

বিজ্ঞাপন

সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে অপরাধে দোষী প্রমাণ হলেও রাজসাক্ষী হওয়ার কারণে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার সকাল ১১টায় ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। গ্রেপ্তার একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে কাঠগড়ায় হাজির করা হলে আদালতকক্ষ ছিল পিনপতন নীরব।

২০২৪ সালের গণবিক্ষোভে প্রায় ১,৪০০ মানুষের মৃত্যু এবং ২৫ হাজারের বেশি আহত হওয়ার অভিযোগে দায়ের করা এই মামলায় মোট পাঁচটি অভিযোগ আমলে নেওয়া হয়। বিচার প্রক্রিয়ায় ৫৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় এবং দেশি–বিদেশি গণমাধ্যমে প্রকাশিত অডিও–ভিডিওসহ বিভিন্ন প্রমাণ উপস্থাপন করা হয়।

রাজসাক্ষী হয়ে সাবেক আইজিপি মামুন নিজের অপরাধ স্বীকার করে অন্যান্য আসামিদের ভূমিকাও আদালতে বর্ণনা করেন। আহত ব্যক্তি, শহীদদের পরিবার, চিকিৎসক, সাংবাদিক ও তদন্ত সংশ্লিষ্টদেরসহ বহু প্রত্যক্ষদর্শী আদালতে জবানবন্দি দেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন