বিডিআর বিদ্রোহ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত ও শহীদ পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনের ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বরাদ্দপত্র হস্তান্তর করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে ফ্ল্যাটের বরাদ্দপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে শহীদ ও গুরুতর আহত মোট ৭০টি পরিবারের অনুকূলে এই বরাদ্দপত্র হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ডিওএইচএস সেন্ট্রাল কমিটির তত্ত্বাবধানে এবং সরকারের অনুমোদনক্রমে মিরপুর ডিওএইচএসে দুটি ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে সামরিক বাহিনীর যেসব সদস্য বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক কারণে প্রাণ বিসর্জন দিয়েছেন কিংবা গুরুতর আহত হয়েছেন, তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এ সময় বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বরাদ্দপত্র হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বরাদ্দগ্রহীতা পরিবারের সদস্যরা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


