নিকাহ রেজিস্ট্রারদের অধিকার নিশ্চিত করতে ৫ দফা দাবি

নিকাহ রেজিস্ট্রারদের অধিকার নিশ্চিত করতে ৫ দফা দাবি
ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।

একই ইউনিয়ন পরিষদ এলাকায় একাধিক নিকাহ রেজিস্ট্রার (কাজী) নিয়োগের সিদ্ধান্ত বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন।

তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী বর্তমানে কর্মরত নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও অধিকার বহাল রাখা। বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান না করা। এছাড়া মুসলিম বিয়ে ও তালাক নিবন্ধন বিধিমালা প্রণয়ন ও সংশোধনসংক্রান্ত কমিটিতে সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে কমপক্ষে দুইজন যোগ্য ও অভিজ্ঞ প্রতিনিধিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানায় সংস্থাটি।

নিকাহ রেজিস্ট্রার নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। এসব যোগ্যতা উপেক্ষা করে শুধু সাধারণ শিক্ষাগত ডিগ্রির ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিলেরও দাবি তাদের।

সংগঠনটির আরেকটি দাবি, নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও নিয়োগসংক্রান্ত বিতর্কিত প্রস্তাবিত বিধিমালা বাতিল করে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে যুগোপযোগী ও বাস্তবসম্মত বিধিমালা প্রণয়ন করতে হবে।

পঞ্চম দাবিতে বিবাহ ও তালাক নিবন্ধনের বিভিন্ন ফি বাড়ানোর প্রস্তাব করেছে তারা। এর মধ্যে বিয়ে নিবন্ধন ফি প্রতি হাজারে ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা এবং পাঁচ লাখ টাকার পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করার দাবি রয়েছে। এ ছাড়া তালাক নিবন্ধন ফি ১ হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, বিয়ের নকল ফি ৫০ থেকে বাড়িয়ে ২০০ টাকা এবং কমিশন ফি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পেশাজীবীদের বেতন-ভাতা এবং সুযোগ-সুবিধা বাড়ানো হলেও নিকাহ রেজিস্ট্রারদের নিবন্ধন ফি বাড়ানো হয়নি। ফলে তাদের আর্থিক বিষয়টি বিবেচনায় নেওয়া জরুরি।

সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল ব্যক্তির প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি-আমাদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করুন এবং যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসুন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এ সমস্যার একটি ন্যায়সংগত ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব।

কর্মসূচি: সংবাদ সম্মেলনে বলা হয়, আমাদের ন্যায়সংগত দাবিগুলো বাস্তবায়ন এবং অধিক্ষেত্র সুরক্ষিত রাখার দাবিতে আগামীকাল ৯ নভেম্বর সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন এবং প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রীকে স্মারক লিপি প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মোঃ নেছারুল হক, মহাসচিব মাওলানা কাজী মোঃ সেলিম রেজা, মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা কাজী মোঃ নজরুল ইসলাম তালুকদার, নিকাহ রেজিস্টার ইকবাল হোসেন, আশরাফ উদ্দিন ভুইয়া, নুরুল আমিন, মফিজুল ইসলাম, আজিজুল হক সুমন, মশিউর রহমান, শিহাব উদ্দীন, ইয়াহিয়া মাসুদ ও আব্দুর রাজ্জাক প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন