রোডম্যাপ চূড়ান্ত হবে আগামী সপ্তাহে: নির্বাচন কমিশনার

রোডম্যাপ চূড়ান্ত হবে আগামী সপ্তাহে: নির্বাচন কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। ব্যস্ততার কারণে বৈঠকে উপস্থিত ছিলেন না প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে ইসি সচিব বর্তমানে জাপানে অবস্থান করছেন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক শুরু হয়। তবে নির্বাচনের রোডম্যাপ নিয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “কর্মপরিকল্পনা নিয়ে আমরা বৈঠক শুরু করেছি। অনেকগুলো বিষয় থাকায় আজকের মধ্যে সিদ্ধান্ত সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।”

এদিকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারও জানিয়েছেন, ভোটের তারিখের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। কমিশনের সভায় আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি।

গণঅভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদলের প্রেক্ষাপটে গত বছরের নভেম্বরে দায়িত্ব গ্রহণ করে এএমএম নাসির উদ্দিন কমিশন। অন্য কমিশনাররা হলেন আব্দুর রহমান, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন