আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর দায়িত্ব গ্রহণ

স্টাফ রিপোর্টার

নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীর দায়িত্ব গ্রহণ

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী। সামরিক বাহিনীর একজন মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং চৌকস কর্মকর্তা তার বর্ণাঢ্য কর্মজীবনে দেশ-বিদেশে পেশাদারিত্বের অনন্য নজির স্থাপন করেছেন।

​মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী ২৯তম বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে কমিশন লাভ করেন এবং বর্তমানে তাঁর কোর্সের জ্যেষ্ঠতম (প্রথম) কর্মকর্তা। সহকর্মীদের মতে, সামরিক প্রশিক্ষণে তিনি কখনো দ্বিতীয় হননি। তার ঝুলিতে রয়েছে দেশ-বিদেশের একাধিক উচ্চতর ডিগ্রি ও কোর্স। তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে দুইবার সফলতার সাথে 'স্টাফ কোর্স' সম্পন্ন করেছেন। এছাড়া তুরস্ক থেকে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তান থেকে গানারি স্টাফ কোর্স সম্পন্ন করে তিনি সামরিক বিদ্যায় নিজের পারদর্শিতা প্রমাণ করেছেন।

বিজ্ঞাপন

​দীর্ঘ সামরিক জীবনে মেজর জেনারেল কায়ছার রশীদ চৌধুরী পার্বত্য চট্টগ্রামে আর্টিলারি ব্রিগেডের 'ব্রিগেড মেজর' (বিএম) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (ডিএসসিএসসি) দীর্ঘ তিন বছর প্রশিক্ষক ও প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্কুল অব আর্টিলারিতেও তিন মেয়াদে প্রশিক্ষক হিসেবে তিনি নতুন প্রজন্মের সামরিক কর্মকর্তাদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

​জাতিসংঘ সদর দপ্তরেও (UNHQ) তার অবদান অনস্বীকার্য। ২০১৬ সালে জাতিসংঘ সদর দপ্তরে যোগদানের পর তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ (Top TCC) হিসেবে নিজের অবস্থান সুসংহত করে। তার পুরো কার্যকালে বাংলাদেশ এই শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর নতুন নতুন সুযোগ সৃষ্টি ও ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে তিনি ছিলেন অন্যতম রূপকার। তার কর্মদক্ষতায় তিনি জাতিসংঘ মহাসচিবের সামরিক উপদেষ্টার (MILAD) গভীর আস্থা অর্জন করেছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন