রাজধানীর নিরাপত্তায় ডিএমপির ‘অক্সিলারি পুলিশ ফোর্স’

রাজধানীর নিরাপত্তায় ডিএমপির ‘অক্সিলারি পুলিশ ফোর্স’

রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকা, শপিং মল ও মার্কেটগুলোতে 'অক্সিলারি পুলিশ ফোর্স' নিয়োগ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আবাসিক এলাকা, বিভিন্ন মার্কেট, শপিংমলে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীরা 'অক্সিলারি পুলিশ ফোর্স' হিসেবে কাজ করবেন। গ্রেপ্তারের ক্ষমতাও থাকবে তাদের। তাদের হাতে একটি ব্যান্ড থাকবে। লেখা থাকবে সহায়ক পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ঠিক কতদিন এই ফোর্স দায়িত্ব পালন করবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোন দিনক্ষণ উল্লেখ করেননি ডিএমপি কমিশনার। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই 'অক্সিলারি পুলিশ ফোর্স' দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, রমজান ও ঈদ উপলক্ষ্যে অনেক রাত পর্যন্ত ঢাকা মহানগরীর মার্কেট, শপিংমলগুলো খোলা থাকে। তবে পুলিশের স্বল্পতা রয়েছে। নিরাপত্তা নিশ্চিতে তাই মেট্রোপলিটন পুলিশ আইন এর ক্ষমতাবলে এই নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বলেন, আজকে ৭ রমজান চলছে। সন্ধ্যা থেকে ঢাকাবাসী মুসল্লিরা মসজিদে যান। দুই ঘন্টা তারাবির নামাজের সময় যায়৷ ওই সময় ঢাকা শহরে বিভিন্ন অলিগলিতে জনশূন্যতা তৈরি হয়। বিশেষ করে পুরুষ মানুষ তারাবি নামাজে থাকেন৷ এই সময় আপনারা বাড়ির ফ্ল্যাট দোকান সযত্নে রেখে আসবেন। নিরাপত্তাটা খেয়াল করবেন। আশা করছি ১৫ রমজান থেকে ঢাকাবাসীর অনেকে ঈদ উপলক্ষে গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ করতে যাবেন।

তিনি বলেন, আমি ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে আপনাদেরকে জানাতে চাই, অনুরোধ করতে চাই আপনারা যখন বাড়ি যাবেন, তখন আপনার বাড়ি, ফ্ল্যাট দোকান, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থাপনা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি। আমাদের পুলিশের স্বল্পতা আছে। আমাদের লোকও অনেকে ছুটিতে যাবে, যেতে চায়। যারা ব্যারাকে থাকে, তারা দীর্ঘ সময় পরিবার ছাড়া থাকেন, তাদের এটা পারসেন্টেজ সরকারের নির্দেশে ছুটি দিতে হয়।

তিনি আরও বলেন, শপিং সেন্টার গুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকবে। বিভিন্ন শপিংমল, শপিং সেন্টার ও ও গেট দিয়ে ঘেরা বিভিন্ন আবাসিক এরিয়াতে বেসরকারি নিরাপত্তা কর্মীদেরকে অক্সিলারি পুলিশ ফোর্স হিসেবে নিয়োগ দিয়েছি।

আইন মোতাবেক তিনি দায়িত্ব পালন ও গ্রেফতারের ক্ষমতা পাবেন। পুলিশ অফিসার আইনগতভাবে যে প্রটেকশন পান এই অক্সিলারি ফোর্সের সদস্যরাও প্রটেকশন পাবেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক, যুগ্ম কমিশনার রবিউল (ডিবি) ইসলাম ও মোহাম্মদ নাসিরুল ইসলাম, রমনার ডিসি মাসুদ আলম, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন