আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদের প্রথম অধিবেশন

এম এ নোমান

মার্চের দ্বিতীয় সপ্তাহে সংসদের প্রথম অধিবেশন

মার্চের দ্বিতীয় সপ্তাহে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এক্ষেত্রে আগামী ১২ মার্চ বা তার দুয়েকদিন আগে অধিবেশন শুরু হতে পারে। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদের বিধিবিধান ও রেওয়াজ অনুযায়ী প্রথম বৈঠকের সভাপতি নির্ধারণ করা হবে।

বঙ্গভবন, সংসদ সচিবালয় এবং সরকারি ও বিরোধী দলের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে জাতীয় সংসদ সচিবালয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার বিষয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। প্রস্তুতির বিষয়ে অবহিত করে সংসদের অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির দপ্তরে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে সংসদ সচিবালয়। আজকালের মধ্যেই রাষ্ট্রপতি অধিবেশন ডাকতে পারেন বলে জানা গেছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডাকেন।

বিজ্ঞাপন

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করা হয়। সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। এ হিসাবে আগামী ১৪ মার্চের মধ্যেই সংসদের প্রথম অধিবেশন বসতে হবে।

সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশন ও বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রয়েছে। এ হিসাবে আসন্ন অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

অধিবেশনের বিষয়ে জানতে চাইলে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আমার দেশকে বলেন, সংবিধান অনুযায়ী ফলাফলের ৩০ দিনের মধ্যে প্রথম অধিবেশন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। আমরা আশা করছি মার্চের দ্বিতীয় সপ্তাহে অধিবেশন হবে। এটি ১০ থেকে ১২ মার্চের মধ্যে হতে পারে। সংসদের অধিবেশন রাষ্ট্রপতি আহ্বান করেন। এ হিসাবে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হয়ে এখন জেলে রয়েছেন। ফলে আগামী অধিবেশনে নতুন স্পিকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, সেটিও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। এ ক্ষেত্রে সিনিয়র কোনো সংসদ সদস্য বা প্রধান নির্বাচন কমিশনার সভাপতিত্ব করতে পারেন। উল্লেখ্য, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংবিধানের বিধান অনুসরণ করে এবার সিইসি এএমএম নাসির উদ্দিন সংসদ সদস্যদের শপথ পড়িয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এখনো বলতে পারছি না স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত। তবে তারা অনুপস্থিত থাকলে সেক্ষেত্রে সংসদের কার্যপ্রণালি বিধি, সংবিধান ও রেওয়াজ অনুসরণ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অধিবেশনের প্রথম দিনে সভাপতিত্ব করার বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ও সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমার দেশকে বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রথম দিনে সিনিয়র কোনো সদস্যের সভাপতিত্ব করার নজির রয়েছে। এবারের অধিবেশনেও এমনটিই হবে। তবে, এ বিষয়ে উদ্যোগ নেবে সরকারি দল। সরকারি দল উদ্যোগ নিলে বিরোধী দল হিসেবে তারা পূর্ণাঙ্গ সহযোগিতা করবে।

সংসদে বিরোধী দলের ভূমিকা কেমন হবে, এ বিষয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জাতীয় সংসদে দায়িত্বশীল বিরোধীদল হিসেবে জনগণের সঙ্গেই থাকব ইনশাআল্লাহ। জনগণ ও দেশের স্বার্থ সংরক্ষণই হবে আমাদের মূল দায়িত্ব। এদিকে সজাগ দৃষ্টি রেখেই জাতির পাশে থেকে আমরা দায়িত্ব পালন করব।

তিনি গত সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। শপথ অনুষ্ঠানের আগে সংসদে ভূমিকা পালনসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দলীয় সিদ্ধান্ত নিতেই এই মতবিনিময়ের আয়োজন করা হয়।

জামায়াত আমির বলেন, একটি কার্যকর ও গঠনমূলক বিরোধী দল হিসেবে দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে, আমরা সেই সংস্কৃতিটা সংসদে দেখতে চাই। সংসদের দুটি অঙ্গ—একটি সরকারি দল ও আরেকটি বিরোধী দল থাকবে, এটাই স্বাভাবিক। বিরোধীদল যেন তার ন্যায্য কথা বলার অধিকার পায়, সেটা আমরা আশা করব।

সংসদকে প্রাণবন্ত করতে বিরোধী দলের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে পানি সম্পদমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, রাজনীতিতে আমাদের মতপার্থক্য থাকতে পারে। তবে সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচন করা হবে। এক্ষেত্রে স্পিকারের সঙ্গে ডেপুটি স্পিকারও নির্বাচিত হতে পারেন। অবশ্য সংসদ চাইলে ডেপুটি স্পিকার নির্বাচন নতুন স্পিকারের সভাপতিত্বে হতে পারে। জুলাই সনদ অনুযায়ী এবার ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচিত হওয়ার কথা রয়েছে। তবে বিষয়টি এখনো সংবিধানে অন্তর্ভুক্ত না হওয়ায় এটি হবে কি না—তা এখনো নিশ্চিত নয়। স্পিকার নির্বাচনের পর সংসদের অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি দিয়ে নতুন স্পিকারের শপথ অনুষ্ঠিত হবে। শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে মুলতবি বৈঠক বসবে।

নতুন স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে শোকপ্রস্তাব পাঠসহ সংসদের বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর বৈঠকে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এছাড়া এদিনের বৈঠকে বিগত সংসদের পর থেকে এ পর্যন্ত যতগুলো অধ্যাদেশ জারি হয়েছে তার সবগুলো উপস্থাপন করা হবে। আইনমন্ত্রী অধ্যাদেশগুলো উপস্থাপন করবেন। প্রথম বৈঠকের পর দ্বিতীয় বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব তোলা হবে। ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা দীর্ঘ আলোচনায় অংশ নেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন