সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আপনারা তারেক রহমানের প্রতি এবং বিএনপি সরকারের প্রতি আস্থা রাখুন, দেশ এগিয়ে যাবে।
শনিবার বিকেলে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার নাশুখালী হাইস্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, গণতন্ত্রে বিরোধী পক্ষ থাকবে, প্রতিযোগিতা থাকবে। কিন্তু তাই বলে প্রতিহিংসা করা যাবে না। কেউ অপরাধ করলে রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইন নিজের হাতে তুলে নেওয়া, সংঘর্ষ কিংবা সহিংসতার কোনো স্থান নেই।
তিনি বলেন, দেশ ও দেশের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের একসঙ্গে এগোতে হবে।
শেখ রবিউল আলম উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ টেনে বলেন, সড়ক, রেল ও নৌপথের উন্নয়নের মাধ্যমে দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপদ সড়ক ব্যবস্থা এবং আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ।
উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ও অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে মন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

