সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

ফটোকার্ড ও খণ্ডিত বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে হবে

স্টাফ রিপোর্টার

ফটোকার্ড ও খণ্ডিত বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে হবে

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দেশের গণমাধ্যমগুলো এখন সম্পূর্ণ স্বাধীন। কিন্তু অনেকেই সেই স্বাধীনতার অপব্যবহার করছে। যাচাই-বাছাই ছাড়াই অতিরিক্ত ভিউওয়ের লোভে পড়ে অনেক গণমাধ্যমই পেশাদারিত্ব নষ্টের প্রতিযোগিতায় নেমেছে। এই ভিউ প্রতিযোগিতার নামে অপসাংবাদিকতা বন্ধ করে শতভাগ পেশাদারিত্ব বজায় রাখার জন্য সাংবাদিকদের অনুরোধ জানান তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার অনেক বেশি মিডিয়া বান্ধব এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আপনারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারছেন। আবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে পুনর্গঠনের যুদ্ধে তার নিরলস প্রচেষ্টার কথাও তুলে ধরছেন। আমরা আশা করবো সরকারের এই আন্তরিকতা আপনারা তুলে ধরবেন। মানুষও যাতে ভালো কাজে আগ্রহী হয়।

কিছু সংবাদ মাধ্যমের অপেশাদারি আচরণ উল্লেখ করে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘ কিছু কিছু মেইনস্ট্রিম মিডিয়ায় এবং বিশেষ করে তাদের অনলাইনে মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত কিছু ফটোকার্ড ও রিপোর্ট করা হচ্ছে। এ বিষয়ে আপনাদের কাছে অনুরোধ যাচাই বাছাই না করে কোন রিপোর্ট না করার। রিলসের নামে খণ্ডিত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে। ফলে কখনো কখনো ভুল বার্তা যায়। সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়। এ বিষয়গুলো আমাদের নজরে আসে নানাভাবে। তাই আপনাদের প্রতি আহ্বান সরকারের ভালো কাজের সঙ্গী হোন।’

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, নিয়মিত তদারকি এবং জনকল্যাণমুখী উদ্যোগ দেশের উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার একই নিষ্ঠা ও অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।

সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বলেন, আশা করি, আপনাদের সবার ঈদ আনন্দময় ও শান্তিপূর্ণভাবে কেটেছে। আনন্দের আরেকটা বড় কারণ দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ঈ্দুল আজহা উদযাপন করেছেন। তবে এবারের ঈদের আনন্দের মাঝেও আমাদের মনে ছিল এক ধরনের শূন্যতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে নানা ঈদ স্মৃতি আমাদের মনে পড়েছে।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য তিনি সাংবাদিকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন, সারা দেশের মানুষ ঈদের আনন্দে ছুটি কাটাচ্ছিলেন যখন, তখনো কাজ করে যাচ্ছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি কিন্তু ছুটি কাটাননি। উনার টিমের সঙ্গে যারা আছেন তারাও মানে আমরাও কিন্তু ঈদে ছুটির দিনগুলো এমনকি ঈদের দিনেও কাজ করেছি। সেসব নিশ্চয়ই আপনারা দেখে এসেছেন। লক্ষ্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ঈদের পরের দিন নিজেই গাড়ি চালিয়ে ঘুরে বেড়িয়েছেন পুরো ঢাকা। ঘুরে ঘুরে দেখেছেন কোরবানির বর্জ্য কোথায় কি অবস্থা? কোথায় পরিষ্কার হয়েছে, কোথায় হয়নি। কোথায় কারো গাফিলতি হয়েছে কিনা? যেখানে অব্যবস্থাপনা পেয়েছেন, তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন এবং গাফিলতির সাথে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থাও নিয়েছেন।’

প্রধানমন্ত্রীর এই অতিরিক্ত প্রেস সচিব বলেন, আমরা জনগণের সেবায় প্রতিদিনই এভাবে কাজ রাত দিন এক করে কাজ করে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিনই প্রায় ১২/১৩ ঘণ্টা করে এমনকি মাঝেমাঝেই ১৬ ঘণ্টাও কাজ করে যাচ্ছেন। এত পরিশ্রম কিন্তু আপনাদের জন্যই এবং দেশবাসীর জন্যই করে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। সরকার আন্তুরিক দেশে সুশাসন নিশ্চিত করতে, সরকার আন্তুরিক মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে এই জন্য। সরকার প্রধানের সাথে যারা আছেন তারাও দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এগুলো নিশ্চয়ই আপনারা দেখছেন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক ও শাহারিয়ার পামির।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...