ইলিশের উৎপাদন বাড়াতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 'জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬'। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এ সময় দেশের নদী ও সাগরে জাটকা ধরা সম্পূর্ণ নিষেধ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এবার প্রতিবেশী রাষ্ট্রগুলো একসঙ্গে জাটকা সংরক্ষণে মাছ ধরা বন্ধ রাখবে বলে জানান মন্ত্রী।
সোমবার দুপুরে সচিবালয়ে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন— প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী প্রমুখ।
মৎস্যমন্ত্রী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ইলিশের উৎপাদন বাড়ানো। এই ইলিশ ধরা বন্ধ করাটা একটু আগেপিছে ছিল। ইলিশের উৎপাদন বাড়ানো ঠিক যেই সময়টা বন্ধ করলে মাছ রক্ষা পাবে, ওই সময়টাকে আমরা বেছে নিয়েছি।’
মন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিবেশী রাষ্ট্রে কিন্তু একই সঙ্গে ইলিশ পাওয়া যায়। তারাও আমাদের ফলো করছে। কারণ ইলিশ তো নির্দিষ্ট জায়গায় ঘোরাফেরা করে না। বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলো একই দিনে জাটকা সংরক্ষণের জন্য মাছ ধরা বন্ধ করছে।’
মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে ইলিশের টেকসই উৎপাদন বৃদ্ধিসহ ইলিশ মাছের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এই লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি বলেন, জাটকা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ, নির্দিষ্ট সময়ে মাছ ধরার নিষেধাজ্ঞা, অভয়াশ্রম স্থাপন ও ব্যবস্থাপনা এবং মৎস্য সংরক্ষণ আইনের সফল বাস্তবায়ন উল্লেখযোগ্য। এসব কার্যক্রমের সফল বাস্তবায়নের ফলে ইলিশ উৎপাদন ধারাবাহিকভাবে বাড়তে থাকে এবং ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৫ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। নদী ভরাট, জলবায়ু পরিবর্তন, নদীদূষণ ও মৎস্যসম্পদের ওপর ক্রমাগত চাপ বাড়ার কারণে ইলিশ মাছ উৎপাদনের এই ধারাবাহিকতা ধরে রাখা এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সঙ্গে নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এগিয়ে যাবে।
প্রতি বছরের মতো এ বছরও আগামী ৭ থেকে ১৩ এপ্রিল, ২০২৬ পর্যন্ত 'জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬' উদ্যাপন করা হবে। এ বছরে জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী'। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় 'জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬' উদ্যাপন করা হবে। এ লক্ষ্যে তিন দিনব্যাপী কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ে অর্থাৎ, জেলা ও উপজেলা পর্যায়ে উপযোগী কর্মসূচি পালিত হবে। এ বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৭ এপ্রিল চাঁদপুর সদরে অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

