বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, বিজয়ের মাস উপলক্ষে ইতোমধ্যে বিএনপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। বেলা ২টায় সমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
যৌথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ ও আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন। এ ছাড়া দলের নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা এবং ঢাকা জেলার দলীয় সংসদ সদস্যরা সভায় অংশ নেন।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



