ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়ের জাঁকজমককে টেক্কা দেওয়ার চেষ্টা করেছেন দেশটির সবচেয়ে দরিদ্র রাজ্য বিহারের এক বিধায়ক। নিজের মেয়ের বিয়েতে প্রায় চার লাখ অতিথির আপ্যায়নের আয়োজন করেন বিধায়ক অনন্ত সিং। বুধবার বিহারের নাদাওয়া গ্রামের পারিবারিক বাড়িতে অনুষ্ঠিত এ বিয়েতে ছিল লাখ লাখ মিষ্টি, শত শত রাঁধুনির রান্না, হেলিপ্যাড, বিলাসবহুল গাড়ির বহর ও আতশবাজির আয়োজন।
বিয়েতে কনে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির এমবিএ শিক্ষার্থী ঋষিকেশ কুমার। বিয়ের আয়োজন ঘিরে পরিবারের আড়াই হেক্টর জমিতে প্রায় চার লাখ অতিথির সমাগম ঘটে। অতিথিদের আপ্যায়নে তৈরি করা হয় পাঁচ লাখ ঐতিহ্যবাহী মিষ্টি। এ ছাড়া ৫০০ জন রাঁধুনি ও বাবুর্চি খাবার তৈরির দায়িত্বে ছিলেন। কাবাব ও বিভিন্ন তরকারি রান্নায় প্রায় এক হাজার কেজি খাসির মাংস ব্যবহার করা হয়। ভারতের বিভিন্ন স্থান থেকে হেলিকপ্টারে আসা বিশিষ্ট অতিথিদের জন্য তৈরি করা হয় ছয়টি অস্থায়ী হেলিপ্যাড।
বরযাত্রী ঋষিকেশ কমলালেবুর রঙের স্কার্ফ হাতে ও সানগ্লাস পরে ১৫১টি গাড়ির বহর নিয়ে বিয়ের অনুষ্ঠানে পৌঁছান। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিজোড় সংখ্যাকে শুভ মনে করা হয়। বরকে উপহার হিসেবে দেওয়া হয় একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার।
বিয়ের অনুষ্ঠানস্থলে যাওয়ার সড়কগুলোতে গাড়ির দীর্ঘ জট তৈরি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, এক অতিথি যানজট এড়াতে ট্রাক্টরে চড়ে আশপাশের মাঠ পেরিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
অনুষ্ঠানে চীন থেকে আমদানি করা ফুল দিয়ে সাজানো হয় বিভিন্ন স্থান। ছিল আতশবাজির আয়োজনও। বিনোদনের জন্য ডিজের পরিবর্তে ঘোড়দৌড়ের পরিকল্পনা করেছিলেন বিধায়ক। তবে বিপুলসংখ্যক আমন্ত্রিত ও অনাহূত দর্শক গাছ ও বিদ্যুতের খুঁটিতে উঠে খেলা দেখতে শুরু করলে বিশৃঙ্খলা তৈরি হয়। শেষ মুহূর্তে বাতিল করা হয় ঘোড়দৌড়।
প্রতিযোগিতার বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়ার জন্য রাখা হয়েছিল একটি এসইউভি।
অনন্ত সিং বিহারের একজন বিতর্কিত রাজনীতিক। তিনি পাঁচবার রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও অপহরণসহ ২৮টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের ওয়েবসাইটে এসব মামলার তথ্য রয়েছে। তবে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
বিয়ের আগে এক টেলিভিশন সাক্ষাৎকারে আয়োজনের ব্যাপকতা নিয়ে প্রশ্নের জবাবে অনন্ত সিং বলেন, বড় মেয়ের বিয়েতেও তিনি একই ধরনের আয়োজন করেছিলেন।
এদিকে ভারতে বিয়ের মৌসুম শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে আনুমানিক ৫২ লাখ বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




