বাংলাদেশের আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী বলে মনে করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, এটা আমলাদের ব্যক্তিগত দোষ, না তাদের সিষ্টেমের দোষ—আমি জানি না।
সোমবার রাতে বিশ্বসাহিত্য কেন্দ্রে উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের লেখা ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান আমলাতন্ত্রকে স্থবির আখ্যা দিয়ে আইন উপদেষ্টা বলেন, এ আমলাতন্ত্র দিয়ে দেশ কিভাবে এগোবে। এ সরকার থেকে চলে যাওয়ার পর আমার সব সময় দুঃশ্চিন্তাটা থাকবে।
আসিফ নজরুল বলেন, অনেক সময় আমি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানার জন্য কিছু চাইলে অনেক কর্মকর্তা বলেন, এটা তো আমার হোয়্যাটসঅ্যাপে নেই স্যার। উনি সিদ্ধান্তটা আমরা কাছে নিয়ে আসতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করেন। ততক্ষণে আমার অফিসের টাইম প্রায় শেষ হয়ে যায়।
এ সময় প্রধান উপদেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, উনার হোয়্যাটসঅ্যাপটা পুরো একটা অফিস। যখন যেটা চাওয়া হয় বা সরবরাহ করা হয় সব হোয়্যাটসঅ্যাপে রেখে দেন, সংযোজন আপডেট করেন। অথচ আমার মন্ত্রণালয়ের ২৯ থেকে ৩১ বয়সের কর্মকর্তারা হোয়্যাটসঅ্যাপ ব্যবহার করে কোনো কাজ ঠিকঠাক করতে চায় না।
বইয়ের বিষয়ে আলোচনা করতে গিয়ে আসিফ নজরুল বলেন, তিনি (উপদেষ্টা ফাওজুল) বইয়ে আমলাতন্ত্র নিয়ে লিখেছেন।
আইন উপদেষ্টা বলেন, আমি অনেক কাজ সারা রাত জেগে ঠিক করে দিই। পরে দেখা যায়, ওই কাজ কয়েক দিন পর আর করা হয় না। মাঝে মাঝে তাদের সঙ্গে অনেক চিৎকার চেচামেচি করি—কেন কাজ টা করলেন না। জানি না পরে তারা আমাকে হয়তো গালি দেবেন।
তিনি বলেন, তাদেরকে পরে ডেকে আমি বুঝিয়ে বলি যে, তুমি তো কেরানি নও যে ফাইল দেয়া-নেয়া করবে। তুমি অফিসার, তোমাকে মেধা-মনন দিয়ে কাজ করতে হবে।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুবউল্লাহ প্রমুখ আলোচনা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

