আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসনাতের আসনে এনসিপির প্রতিনিধির ওপর হামলা

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

হাসনাতের আসনে এনসিপির প্রতিনিধির ওপর হামলা
হামলার শিকার এনসিপির প্রতিনিধি এবং দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: আমার দেশ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক প্রতিনিধির ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার রাত ১১টা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই হামলার প্রতিবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

হাসনাত আবদুল্লাহ লিখেছেন, দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এনসিপির প্রতিনিধি মোহাম্মদ কাওসার আলমকে রাস্তায় একা পেয়ে সন্ত্রাসী দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং নির্মমভাবে মারধর করে মৃতপ্রায় অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

তিনি আরো লিখেছেন, আজ বিকেলে আমাদের নির্বাচনি ব্যানার পুড়িয়ে দিয়ে সন্ত্রাস ও ভীতির রাজনীতি চালানো হয়েছে। এই হামলা ও নৈরাজ্যের পেছনে থাকা ব্যাংক ডাকাত ও তাদের পৃষ্ঠপোষকদের আইনগতভাবেই কঠোরভাবে প্রতিহত করা হবে। মামলার প্রস্তুতি চলছে। ইনশাআল্লাহ দেবিদ্বারবাসী এই সন্ত্রাসের উপযুক্ত জবাব ১২ তারিখ ব্যালটের মাধ্যমেই দেবে।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং তদন্ত করছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন