শেষ হলো বাজেট অধিবেশন। বুধবার সন্ধ্যায় অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পাঠের মাধ্যমে ডেপুটি স্পিকার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।
গত ৭ জুন দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছিল। ১১ জুন চলতি অর্থবছরের বাজেট উত্থাপন করা হয় এবং ৩০ জুন তা পাশ হয়। ২৬ কার্যদিবসের অধিবেশন শেষ হয় ১৫ জুলাই।
১৪টি কার্যদিবসে বাজেটের ৪৮ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা হয়। এতে ৩১৬ জন সংসদ-সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া ১০টি সরকারি বিল পাস হয়েছে। কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুযায়ী ৭১৫টি নোটিশ প্রাপ্ত হয়; এর মধ্যে ২৪টি গৃহীত হয় এবং ২২ টি নোটিশের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। ৭১(ক) বিধি অনুযায়ী ১২৫টি দুই মিনিটের নোটিশ আলোচিত হয়েছে।
প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫ হাজার৩১টি প্রশ্ন জমা পড়ে এবং ৩,৪৭৪টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়েছে। এ অধিবেশনে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠিত হয়েছে এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

