স্তন ক্যানসার এখন প্রায় নিরাময়যোগ্য একটি রোগ। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এ রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একসময় বলা হতো, ‘ক্যানসার মানেই কোনো উত্তর নেই’। কিন্তু এখন সময় বদলেছে। সারা বিশ্বে স্তন ক্যানসারের চিকিৎসা এতটাই এগিয়েছে যে, এ রোগ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব হচ্ছে। এ জন্য প্রয়োজন শুধু সচেতনতা এবং চিকিৎসা নেওয়ার মানসিকতা। তাহলেই কেবল এটি সম্ভব।
শনিবার বিকেলে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে অক্টোবর মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদারের নেতৃত্বে স্তন ক্যানসার সচেতনতা ফোরাম দীর্ঘদিন ধরে এ রোগ নিয়ে কাজ করছে। তারা শুধু এ বছরই এ কাজ করছে না। স্তন ক্যানসার কীভাবে প্রতিরোধ করা যায়, এ বিষয়ে সচেতনতা কীভাবে বাড়ানো যায় এবং প্রাথমিক পর্যায়ে কীভাবে রোগ শনাক্ত করা যায়, তা নিয়ে তারা কাজ করছেন। অর্থাৎ, অনেক দেরিতে রোগ শনাক্ত হওয়ার পরিবর্তে কীভাবে শুরুতেই তা শনাক্ত করা যায় এবং স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার হার কীভাবে কিছুটা কমানো যায়, সেই লক্ষেই তাদের এ উদ্যোগ। এরই ধারাবাহিকতায় এ বছর সারা দেশে তাদের এ কর্মসূচি পালিত হয়েছে। আজ ৩১ অক্টোবর মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচির সমাপ্তি হচ্ছে।
সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী আরো বলেন, এটিকে একটি সামগ্রিক সামাজিক আন্দোলন বা দায়বদ্ধতায় পরিণত করা গেলে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। জরায়ুমুখের ক্যানসার ও স্তন ক্যানসার কীভাবে প্রতিরোধ করা যায় এবং আক্রান্ত ব্যক্তিদের কীভাবে দ্রুত চিকিৎসাসেবার আওতায় আনা যায়, এসব সমস্যার সমাধানে সমাজের প্রতিটি স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ আরো অনেকে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


