বিএনপি সরকারের চার দিনব্যাপী প্রথম জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষ হলো। গত রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হয় এ সম্মেলন। এ সম্মেলনের আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সমাপনী অধিবেশন শেষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে সভা করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে ডিসি ও বিভাগীয় কমিশনাররা নৈশভোজে অংশ নেন। শেষ দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ডিসিদের নয়টি কার্য-অধিবেশন ছিল।
এবার উদ্বোধন ও সমাপনী অধিবেশন ছাড়াও কার্য-অধিবেশনগুলো ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী চার দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জেলা প্রশাসকদের বিভিন্ন নির্দেশনা দেন।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, ডিসি সম্মেলনে প্রধান আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন ও দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, ই-গভর্ন্যান্স, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণ, ভৌত অবকাঠামোর উন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়।
সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং দিকনির্দেশনার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসকরা মাঠ প্রশাসনের প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন, আর নীতি-নির্ধারকরা সমাধানের দিকনির্দেশনা দেন।
এবারের সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য উত্থাপিত হয়। সবচেয়ে বেশি ৪৪টি প্রস্তাব ছিল স্বাস্থ্যসেবা বিভাগ সংক্রান্ত।
সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশনসহ ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নেয়। মোট ৩৪টি অধিবেশন ও কার্য-অধিবেশন অনুষ্ঠিত হয়।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

