আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধানমন্ডিতে কুকুর-বিড়ালকে খাবার দেয়ায় শিক্ষিকাকে হত্যার হুমকি

স্টাফ রিপোর্টার

ধানমন্ডিতে কুকুর-বিড়ালকে খাবার দেয়ায় শিক্ষিকাকে হত্যার হুমকি

রাজধানীর ধানমন্ডি এলাকায় বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে খাবার এবং চিকিৎসা সেবা দেয়ায় এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম সৈয়দা নাসরিন আক্তার। তিনি ধানমন্ডির বুলবুল ললিতকলা একাডেমির একজন শিক্ষক এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসরিন আক্তার বলেন, দীর্ঘদিন ধরে তিনি ধানমন্ডির পশ্চিম ধানমন্ডি এলাকায় রাস্তার অসহায় কুকুর ও বিড়ালদের নিজ খরচে খাবার ও চিকিৎসা দিয়ে আসছিলেন। গত ১৩ ফেব্রুয়ারি রাতে স্কুল থেকে ফেরার পথে স্থানীয় জাকির হোসেন সান্টু (৫৫) নামের এক ব্যক্তি তাকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ সময় সান্টু তাকে হুমকি দিয়ে বলেন, ওই এলাকায় কুকুর-বিড়ালকে খাবার দিলে তাকে গুলি করে মারা হবে।

ভুক্তভোগী শিক্ষিকা কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি তাকে প্রায় ৩৫ মিনিট আটকে রেখে লাঞ্ছিত করেন। এর আগে গত বছরের ৫ জুলাই সান্টুর সহযোগী সামিউল ইসলাম তারাও তাকে একইভাবে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দিয়েছিলেন।

নাসরিন আক্তার জানান, এসব ঘটনায় তিনি হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১২৩৬) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির বাধার কারণে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্ত সান্টু এর আগে একাধিক মানুষকে গুলি করে হত্যা চেষ্টা করেছেন। বর্তমানে ভয়ে ওই কর্মজীবী নারী কর্মস্থলে যেতে পারছেনা। অভিযুক্তদের দাবি, কুকুর-বিড়ালের ডাকের কারণে তাদের ঘুমের সমস্যা হয় এবং বাড়ির ভাড়াটিয়ারা চলে যায়।

সংবাদ সম্মেলনে তিনি আক্ষেপ করে বলেন, অসহায় প্রাণীদের সেবা করা কি আমার অপরাধ? আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন