বৃষ্টির এক ঘণ্টাতেই পানির নিচে নিউমার্কেট, ভোগান্তিতে ক্রেতা-ব্যবসায়ী

বৃষ্টির এক ঘণ্টাতেই পানির নিচে নিউমার্কেট, ভোগান্তিতে ক্রেতা-ব্যবসায়ী

বৃষ্টি শুরুর এক ঘন্টাতেই হাঁটু পরিমাণ পানির নিচে তলিয়ে গেছে রাজধানীর ব্যস্ততম নিউমার্কেট এলাকা। এতে বিপাকে পড়েছেন ক্রেতা, ব্যবসায়ী, পথচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হওয়ায় রিকশাসহ ছোট যানবাহনের ভাড়াও বেড়েছে প্রায় দ্বিগুণ।

বিজ্ঞাপন

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শুরু হওয়া টানা বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশের বিভিন্ন সড়কে পানি জমে যায়। এক ঘণ্টা পর বৃষ্টি কমে এলেও প্রতিবেদন লেখা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি চলছিল।

সরেজমিনে দেখা যায়, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান মার্কেট, ঢাকা কলেজের মূল ফটক, নায়েমের গলি থেকে টিচার্স ট্রেনিং কলেজ এবং নিউমার্কেটের দ্বিতীয় ফটক পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু পরিমাণ পানি জমে থাকায় স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না পথচারীরা।

ঢাকা কলেজের মূল ফটক ও নায়েমের গলিতে পানি জমে থাকায় আবাসিক হলের শিক্ষার্থীরাও পড়েছেন ভোগান্তিতে। প্রয়োজনীয় কাজে বাইরে বের হওয়া কিংবা হলে ফেরার সময় তাদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

এদিকে জলাবদ্ধতার প্রভাব পড়েছে নিউমার্কেটের ব্যবসায়ও। পানি জমে থাকায় ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় বেচাকেনা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নূরজাহান সুপার মার্কেটের দোকানদার আব্দুল গফুর বলেন, “২০ বছর ধরে এই এলাকায় ব্যবসা করছি। একটু বৃষ্টি হলেই মার্কেটের সামনে পানি উঠে যায়। পানি উঠলে কাস্টমার থাকে না। এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না।”

ঢাকা কলেজের শিক্ষার্থী মিজান জানান, “বৃষ্টি হলেই ঢাকা কলেজের গেট থেকে নায়েমের গলি-হলপাড়া পর্যন্ত জলাবদ্ধতা হয়। রাস্তায় পানি থাকায় খাওয়া-দাওয়াসহ প্রয়োজনীয় কাজে বাইরে যেতে পারি না।”

দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার এই সমস্যা তৈরি হওয়ায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন