উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বললেন

জনগণ শুধু সংখ্যা নয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ

জনগণ শুধু সংখ্যা নয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ

জনগণ শুধু সংখ্যা নয়, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ বাড়িয়েছি। কার্যকরী পরিবর্তন আনতে সচেষ্ট হয়েছি। সবচেয়ে বড় কথা, আমরা জনগণের উপর আস্থা রাখতে শিখেছি।

শনিবার রাজধানীর একটি হোটেলে মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় এসব কথা বলে উপদেষ্টা বশিরউদ্দীন।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরো বলেন, আমরা যদি সেবাকে দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠা করতে পারি তবে বুঝব জুলাই গণআন্দোলনের মূল শিক্ষা আমরা ধারণ করতে পেরেছি। আমরা যেন এমন একটি রাষ্ট্র ও প্রশাসন গড়ে তুলি, যেখানে নাগরিকের কণ্ঠস্বর উপেক্ষিত হবে না, যেখানে সিদ্ধান্ত হবে তথ্যভিত্তিক ও জনস্বার্থে এবং যেখানে প্রশাসন জনগণের সবচেয়ে বড় মিত্র হয়ে উঠবে।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলন আমাদের রাষ্ট্র ও প্রশাসনের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই অধ্যায় কেবল প্রতিবাদ কিংবা বিরোধের নয়-এটি আশাবাদ ও পরিবর্তনের আকাঙ্ক্ষা আর জনগণের অধিকার প্রতিষ্ঠার এক সাহসী আহ্বান। জুলাই গণঅভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশ গড়তে সহায়তা করেছে। জাতি আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। সংবিধান সংস্কার করে দুর্নীতিমুক্ত দেশ গড়া হচ্ছে। যোগ্য নেতৃত্বে দেশকে রেখে যেতে হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্মরা সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে।

মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের এমডি মাহবুবুর রহমান, বিমানের এমডি ও সিইও ড. সাফিকুর রহমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (পরিচালন ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাইদ মেহবুব খান, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা প্রমুখ। জুলাই অভ্যুত্থানে ৪ আগস্ট চোখ হারানো সাব্বির আহমেদ স্মৃতিচারণমূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানমালার মধ্যে জুলাই অভ্যুত্থানের স্মরণে চিত্রাঙ্কন ও রক্তদান কর্মসূচি এবং পর্যটন মেলাও ছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন