কপ-৩১ সম্মেলন

জলবায়ু অর্থায়নে অনুদান বাড়ানো ও ঋণের বোঝা কমানোর আহ্বান সাইমন স্টিলের

জলবায়ু অর্থায়নে অনুদান বাড়ানো ও ঋণের বোঝা কমানোর আহ্বান সাইমন স্টিলের

জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন, ঋণের বোঝা কমানো এবং অনুদান বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান সাইমন স্টিল। তিনি বলেছেন, জলবায়ু অর্থায়নকে বিচ্ছিন্ন প্রকল্পভিত্তিক উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে সামগ্রিক অর্থনৈতিক রূপান্তরের অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

বিজ্ঞাপন

শুক্রবার তুরস্কের আনাতালিয়ায় চলমান কপ-৩১ জলবায়ু সম্মেলনে জলবায়ু অর্থায়নের নতুন কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি এসব কথা বলেন।

সাইমন স্টিল বলেন, জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর রাজস্ব আয় কমে যাচ্ছে। অন্যদিকে দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার ব্যয় ও ঋণের বোঝা বাড়ছে। এতে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় বিনিয়োগের সক্ষমতা সংকুচিত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর ঋণ পরিস্থিতি ও অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে অর্থায়নের শর্ত নির্ধারণ করতে হবে।

তিনি বিশেষ করে স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র এবং জলবায়ু পরিবর্তনের উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অনুদান ও সহজ শর্তের অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে অর্থায়ন পাওয়ার জটিল প্রক্রিয়া সহজ করা এবং ঋণের চাপ কমাতে আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রধান বলেন, জলবায়ু অর্থায়ন হতে হবে সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব জাতীয় অগ্রাধিকার ও উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ক্ষেত্রে জাতীয় কোষাগার, স্থানীয় সরকার, উন্নয়ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে নয়, বরং তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী করার মাধ্যমেই অর্থায়ন নিশ্চিত করতে হবে।

জলবায়ু মোকাবিলায় অর্থায়নের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তর ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। প্রাথমিক পর্যায়ে অনুদানের মাধ্যমে প্রকল্পের প্রস্তুতি ও বাস্তবায়ন সক্ষমতা তৈরি করা গেলে পরবর্তী সময়ে সহজ শর্তের ঋণ এবং ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থার মাধ্যমে বিনিয়োগ বাড়ানো সম্ভব।

সাইমন স্টিল আশা প্রকাশ করেন, জলবায়ু অর্থায়নের নতুন কাঠামো উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা জোরদার করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তাদের প্রস্তুতি ও সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...