সরকারের পক্ষ থেকে চাওয়া ৯টি বিষয়ের ওপর দ্রুততম সময়ে মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। ৯টি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনাররা আলোচনা করছেন বলেও জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ৯টি বিষয়ের সুপারিশের ওপর আমাদের মতামত চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আরপিও সংশোধন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন, নির্বাচন কর্মকর্তা বিধান আইন সংশোধন, নির্বাচন পর্যবেক্ষণ ও গণমাধ্যম নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, হলফনামার খসড়া, ভোটার তালিকাকরণ অভ্যন্তরীণ ও প্রবাসী, পোস্টাল ব্যালট, রাজনৈতিক ও নির্বাচনি অর্থায়নে স্বচ্ছতা এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিতকরণ।
তিনি বলেন, আমরা যত দ্রুত সম্ভব এসব বিষয়ের ওপর মতামত পেশ করব। কী কী সুপারিশ করা হবে, সে বিষয়ে কিছু বলতে পারব না।
এসব বিষয়ে সুপারিশ বাস্তবায়ন করতে গিয়ে নির্বাচনে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নে সচিব বলেন, তা নির্ভর করছে অনেকগুলো প্রস্তাবের ওপর। তবে আমাদের দিক থেকে তাগিদটা হচ্ছে, যে কোনো বিষয় এলে তাড়াতাড়ি নিষ্পত্তি করে দেওয়া। যাতে করে ডিসেম্বরে নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়। মূলত ডিসেম্বর সামনে রেখেই আমরা সব কাজ শেষ করব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

