এনসিটিবি, বিসিআইসি এবং এতিম শিক্ষার্থীদের ভুয়া তালিকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন-দুদক ৩টি এনফোর্সমেন্ট ইউনিট থেকে রোববার অভিযান পরিচালনা করা হয়।
এনসিটিবি:
পাঠ্যবই ছাপানোর কার্যাদেশ প্রদানে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-তে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে এনসিটিবি দপ্তর পরিদর্শনপূর্বক অভিযোগ সংক্রান্ত বিষয়ে চেয়ারম্যান ও সচিবের বক্তব্য গ্রহণ করা হয়। ২০১৭ সালে সর্বনিম্ন দরদাতা দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানের দর প্রস্তাবকে বিধিবহির্ভূতভাবে বাতিল করে উচ্চমূল্যে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা এবং ভারতীয় প্রকাশনা প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়েছিলো- এরূপ তথ্যের সত্যতা পায় দুদক টিম। এ ছাড়াও অভিযানকালে টিম দুদক ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বিভিন্ন লটে বই মুদ্রণ সংক্রান্ত বিষয়ে টেন্ডার আহ্বান, টেন্ডারে অংশগ্রহণকারী প্রকাশনাসমূহের তথ্য, টেন্ডার মূল্যায়ন ও কার্যাদেশ প্রদানসহ প্রত্যেক বছরের বই মুদ্রণ সংক্রান্ত পরামর্শক, কাগজ ক্রয় ও মুদ্রণ তদারকি কমিটি সংক্রান্ত সকল তথ্য চাওয়া হয়।
বিসিআইসি:
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) নিয়োগ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নিয়োগ প্রক্রিয়ার সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। এসময় উক্ত নিয়োগের টেন্ডার প্রক্রিয়াসহ নিয়োগ কমিটি কর্তৃক গৃহীত অন্যান্য কার্যক্রম সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। সার্বিক পরিস্থিতি পর্যালোচনান্তে অনুষ্ঠিতব্য পরীক্ষাটিতে স্বচ্ছতা নিশ্চিতকরণ ও অনিয়ম প্রতিরোধে এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে পরামর্শ প্রদান করা হয়। এছাড়াও বিধিবহির্ভূতভাবে পদোন্নতি প্রদানের অপর অভিযোগের প্রেক্ষিতে সে সংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করে দুদক টিম।
কক্সবাজার:
তালিমুস সুন্নাহ মাদ্রাসা পরানিয়াপাড়া দারুল উলুম হেফজখানা ও এতিম খানায় শিক্ষার্থীদের ভুয়া তালিকা তৈরি করে সমাজসেবা অফিস হতে ক্যাপিটেশন গ্র্যান্টের অর্থ উত্তোলন করার অভিযোগের প্রেক্ষিতে দুদক কক্সবাজার থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। অতঃপর উপজেলা সমাজসেবা কার্যালয়, কক্সবাজার সদর থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

