রোগী ভাগানো ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

ঢামেকে দালালবিরোধী অভিযান, আটক ৪৯

স্টাফ রিপোর্টার

ঢামেকে দালালবিরোধী অভিযান, আটক ৪৯

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র নির্মূলে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলাবাহিনী। সোমবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) ও শাহবাগ থানা পুলিশের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

হাসপাতালের নতুন ভবনকে কেন্দ্র করে চালানো এই অভিযানে আটক ব্যক্তিদের পরে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্র জানায়, আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বেসরকারি প্যাথলজি ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি, রক্ত বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তি, রোগীদের বিভিন্ন ক্লিনিকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ার দালাল, আইসিইউ সুবিধার কথা বলে প্রাইভেট হাসপাতালে স্থানান্তরের সঙ্গে যুক্ত চক্র এবং ওষুধ কোম্পানির কিছু প্রতিনিধিও রয়েছেন।

দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে, এসব দালাল চক্র রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা বা চিকিৎসার নামে বাইরে নিয়ে গিয়ে অতিরিক্ত অর্থ আদায় করে থাকে। অনেক ক্ষেত্রে অসহায় রোগী ও স্বজনরা প্রতারণার শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একাধিক সূত্রের দাবি, এই অবৈধ তৎপরতায় শুধু বহিরাগতরাই নয়, হাসপাতালের ভেতরের কিছু অসাধু কর্মচারীও জড়িত থাকতে পারে। এতে দালালদের দৌরাত্ম্য আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টরা বলছেন, দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান চালানো হলে হাসপাতালের সেবার মান বাড়বে এবং রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি কমবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...