প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ধারায় ফিরবে না সরকার

পুলিশের মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের ধারায় ফিরবে না সরকার
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: আমার দেশ

পুলিশের দায়িত্ব পালনে সর্বনিম্ন বলপ্রয়োগ ও ক্ষয়ক্ষতি এড়ানোর নীতিকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, অতীতের মতো মাত্রাতিরিক্ত বলপ্রয়োগের চর্চায় সরকার ফিরে যেতে চায় না।

বিজ্ঞাপন

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কেন্দ্রে সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জে পুলিশের ভূমিকা ও নিষ্ক্রিয়তা নিয়ে ওঠা অভিযোগের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, প্রথম দিনের সহিংসতা সামাল দিতে পুলিশ কৌশলগত বুদ্ধিমত্তা দেখিয়েছে। সেদিন তাৎক্ষণিকভাবে অতিরিক্ত বলপ্রয়োগ করা হলে বড় রক্তপাত ও প্রাণহানির ঝুঁকি ছিল। সরকার ও পুলিশ কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় সেই রক্তপাত এড়ানো গেছে, পাশাপাশি নাশকতায় জড়িতদের চেহারা ও পরিচয়ও প্রকাশ পেয়েছে।

তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের কঠোর সমালোচকরাও গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কৌশলগত ব্যবস্থাপনার প্রশংসা করেছেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, স্বাধীন ও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় পুলিশের কোনো বিকল্প নেই। তবে আধুনিক পুলিশিংয়ের ভিত্তি হওয়া উচিত ন্যূনতম বলপ্রয়োগ ও সর্বনিম্ন ক্ষয়ক্ষতি নিশ্চিত করা। অতীতে পুলিশের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত কিংবা পরিস্থিতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের যে অভিযোগ ও সমালোচনা ছিল, বর্তমান সরকার সে পথে হাঁটতে চায় না। পরিস্থিতি অনুযায়ী আনুপাতিক বলপ্রয়োগ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

প্রত্যাহার মানেই শাস্তি নয়

গোপালগঞ্জের ঘটনার পর জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) এবং এর আগে গুলশানের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার প্রসঙ্গে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, প্রশাসনিক প্রত্যাহার বা বদলিকে সব সময় শাস্তি কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তার ইচ্ছাকৃত ব্যর্থতা হিসেবে দেখা ঠিক নয়।

তিনি বলেন, কোথাও দক্ষতা, কার্যকারিতা বা দায়িত্ব পালনে ঘাটতি দেখা দিলে সরকার সেখানে আরও দক্ষ, আন্তরিক ও দায়িত্বশীল কর্মকর্তা পদায়নের মাধ্যমে সমাধান খোঁজে। মাঠ প্রশাসনে পেশাদারিত্ব ও কার্যকারিতা বাড়াতেই এই পুনর্বিন্যাস।

১৯ নভেম্বর ঘিরে সতর্ক সরকার

আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রশ্নে তথ্য উপদেষ্টা বলেন, সরকার এ বিষয়ে পুরোপুরি সতর্ক। এই কর্মসূচি ঘিরে ঢাকা বা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না বলে আশ্বস্ত করেন তিনি। তিনি জানান, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

গঙ্গা চুক্তির সঙ্গে ভারত সফরের যোগ নেই

গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়া ও নবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে তথ্য উপদেষ্টা বলেন, এই মুহূর্তে গঙ্গা চুক্তিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা সম্ভাবনা নেই।

তিনি ব্যাখ্যা করেন, আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর আর সরকারপ্রধানের সফর দুটি ভিন্ন বিষয়। গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি সাধারণত শীর্ষ বৈঠকের আগেই কারিগরি, রাজনৈতিক ও কূটনৈতিক পর্যায়ে চূড়ান্ত হয়; পরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে তা আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে। তাই গঙ্গা চুক্তি নবায়নকে সরাসরি প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে জুড়ে দেওয়ার যৌক্তিকতা নেই। চুক্তির বিষয়ে আগে কারিগরি ও কূটনৈতিক পর্যায়ে আলোচনা ও সমঝোতা প্রয়োজন বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...