যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসআই মো. আব্দুল হান্নান তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এই আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি মোয়াজ্জেম হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) থাকাকালে তদবির বাণিজ্য, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে শত শত কোটি টাকার মালিকানা অর্জন করেন। এসব অর্থ তিনি অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার করেছেন। অবৈধ এই সম্পত্তি অর্জন করার বিষয়ে মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। অভিযুক্ত ব্যক্তি যে কোনো সময় বিদেশে গমন করতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তার দেশত্যাগে নিষেধাজ্ঞার প্রয়োজন।
গত বছরের ২৪ মে একই আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে গত ২০ জানুয়ারি আবেদন করেছিলেন তিনি। তবে আদালত তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

