দেশজুড়ে আরও ৫ দিন থাকবে বৃষ্টি

স্টাফ রিপোর্টার

দেশজুড়ে আরও ৫ দিন থাকবে বৃষ্টি

পশ্চিমা লঘুচাপের কারণে সারাদেশেই কমবেশি বৃষ্টি হচ্ছে। তবে উত্তরাঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। এ অবস্থা আগামী ৫দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির সতর্ক বার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ মালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে আগামী শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এর কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়া দপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারি বৃষ্টিপাত। এদিকে থেকে বুধবার রংপুর বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। বুধবার কুড়িগ্রামের রাজাহাটে সর্বোচ্চ ১৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। এ দিন রাজধানীতে মাঝারি ভারি বৃষ্টি হয়েছে ৪২ মিলিমিটার।

অন্যদিকে যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি-বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে বারবার দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে বারবার এক নম্বর নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংস্থাটির সন্ধ্যায় ১২০ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর অপর বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ৫ দিনে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এতে বলা হয়, বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিনে ওইসব এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আগামী শুক্রবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। শনিবারও একই অবস্থা থাকতে পারে। এছাড়া আগামী রোববার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী শনিবার পর্যন্ত সারাদেশেই কমবেশি বৃষ্টি হলেও উত্তর-পূর্বাঞ্চলের চার বিভাগে বেশি ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। এরপর ১৭ মে থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। তিনি আরো বলেন, এটা মূলত চাপীয় পশ্চিমা লঘুচাপের কারণে হচ্ছে। শ্রীলংকার দিকে যে লঘুচাপ সৃষ্টি হয়েছে; সেটার কোনো প্রভাব বাংলাদেশে পড়ার সম্ভাবনা নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন