রাজধানী ঢাকায় শনিবার ঈদ উৎসবের বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হচ্ছে । সকাল ১০টায় মিছিলটি শুরু হয় হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এবং দোয়েল চত্বর হয়ে শহীদ মিনার, টিএসসি ও শাহবাগ অতিক্রম করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের রাজসিক বিহারে এসে সমাপ্ত হবে।
এর আগে ফিতর উপলক্ষে তিন দিনব্যাপী ঈদ উৎসবসহ ঈদের দিন রাজধানীতে বর্ণাঢ্য ঈদের মিছিলের আয়োজন করা হবে বলে জানিয়েছিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত মঙ্গলবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঈদ আনন্দ মিছিল উদ্যাপন কমিটি-২০২৬-এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
আসিফ মাহমুদ বলেন, ঈদের দিন সকাল ১০টায় জাতীয় ঈদগাহের সামনে (হাইকোর্ট প্রাঙ্গণ) থেকে ঈদের মিছিল শুরু হবে। ঈদের নামাজের পর রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লা থেকে নাগরিক উদ্যোগে ঝটিকা মিছিল নিয়ে ১০টার আগেই সবাই জড়ো হবে।

ঈদের বর্ণাঢ্য মিছিলটি দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে। বিভিন্ন স্থান থেকে জড়ো হওয়া ঝটিকা মিছিলগুলোর মধ্যে সবচেয়ে জাঁকজমকপূর্ণ মিছিলকে পুরস্কৃত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এদিকে, যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মুসলমানরা এদিন তাদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপন করবে।
ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র রমজানে পুরো এক মাস রোজা পালন করে এখন জামাতে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন। রাজধানীসহ সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাতের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

