আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশকে কর্মসংস্থান-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশকে কর্মসংস্থান-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট মঙ্গলবার বাংলাদেশে তার তিনদিনের সফর শেষ করেছেন।

সফরকালে তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তিনি সরকারের উন্নয়নের অগ্রাধিকার এবং বিশ্বব্যাংক গ্রুপ কোন কোন ক্ষেত্রে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

জুট বলেন, সরকার দক্ষতা ও বিনিয়োগের পাশাপাশি বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং বিশ্বব্যাংক গ্রুপও এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রেক্ষাপটে আমরা সরকারের অগ্রাধিকার অনুযায়ী বিশেষ করে তরুণ ও নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের মনোযোগ আরো বাড়াচ্ছি।

তিনি বলেন, গত দশকে বাংলাদেশের শ্রমবাজারে এক কোটি ৪০ লাখ তরুণ প্রবেশ করেছে। অথচ তাদের বিপরীতে কর্মসংস্থান ছিল মাত্র ৮৭ লাখ। এর অর্থ হলো, কর্মক্ষম তরুণদের প্রায় অর্ধেকই চাকরি পাননি। বিশেষ করে তরুণীরা আরো কঠিন বাধার সম্মুখীন হচ্ছেন। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির পথে থাকা মৌলিক বাধাগুলো দূর করতে দীর্ঘদিনের অমীমাংসিত সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের সংস্কারগুলো বাস্তবায়ন করা সরকারের জন্য জরুরি হয়ে পড়েছে।

বিশ্বব্যাংক গ্রুপ দেশগুলোকে এমন অর্থনীতি গড়ে তুলতে সাহায্য করছে, যা প্রবৃদ্ধিকে স্থানীয় কর্মসংস্থানে রূপান্তরিত করে। এটা উন্নত দেশ থেকে কাজ সরিয়ে এনে নয়, বরং মানুষ যেখানে বসবাস করে সেখানেই সুযোগ উন্মোচন করার মাধ্যমে। বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টিতে গতি আনতে বিশ্বব্যাংক গ্রুপ ভৌত ও মানব অবকাঠামোতে বিনিয়োগ করে, ব্যবসা-বান্ধব পরিবেশ সমর্থন করে এবং বেসরকারি পুঁজি সংহত করতে কাজ করে।

স্বাধীনতার পর বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক অন্যতম। দেশের অগ্রাধিকারমুলক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য তারা এ পর্যন্ত অনুদান, সুদমুক্ত ঋণ এবং সহজ শর্তের ঋণ হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে ৪৬ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা দিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...