দেশের কঠিন অতীত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ছবি শুধু অতীতকে নাড়া দেয় না, জীবন্ত ইতিহাসও সামনে নিয়ে আসে। এই ছবি যেন আবার ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে।
রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতাদের ধন্যবাদ জানিয়ে দুদু বলেন, ১৭-১৮ বছরের ঘটনাবলি সীমিত পরিসরে তুলে ধরা হয়েছে। এসব ছবির মাধ্যমে বোঝা যায়, ‘এই বিপজ্জনক সময়ের মধ্যে আমরা একসময় ছিলাম। এই নির্যাতনের মধ্যে দেশবাসী একসময় ছিল।’
তিনি বলেন, ‘কী ভয়ংকর শাসক সেই সময় ছিল, সেটা এই ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন তাদের আলোকচিত্রের মধ্য দিয়ে চমৎকারভাবে তুলে ধরেছে। আবু সাঈদের ছবির পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান করে তার বাড়ি থেকে বের করে দেওয়ার চিত্রও এখানে রয়েছে।’
তিনি বলেন, ‘আজ এই ছবির মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম, আমাদের একটি কঠিন অতীত আছে। সেই কঠিন অতীতে কারা, কীভাবে আমাদের ওপর আক্রমণ করেছে, কীভাবে কারা সেটা প্রতিরোধ করেছি, প্রতিরোধ করেছে।’
ফটোসাংবাদিকদের সাহসিকতার কথা উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, সে সময় ছবি ধারণ ও প্রকাশ করতে গিয়ে জীবন বিপন্ন হওয়ার পাশাপাশি চাকরিও হারাতে হয়েছে। ‘ছবি সব সময় অতীতকে শুধু নাড়া দেয় তা নয়, জীবন্ত ইতিহাস সামনে নিয়ে আসে।’
বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত এই সরকার মানুষের ভালোবাসার সরকার, তার কাছে এটি স্বপ্নের সরকার। সরকারের ভুল-ত্রুটি থাকতে পারে, সেগুলো ঠিক করার জন্য সবাইকে পাশে দাঁড়াতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সহসভাপতি মশিউর রহমান সুমন, অর্থ সম্পাদক নাসিম শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ আহমেদসহ আলোকচিত্রী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ভিওডি বাংলা।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


