প্যারালিগ্যাল সেবায় সহজ হবে ন্যায়বিচার: আইনমন্ত্রী

প্যারালিগ্যাল সেবায় সহজ হবে ন্যায়বিচার: আইনমন্ত্রী

দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ ও কার্যকর করতে প্যারালিগ্যাল সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। প্যারালিগ্যাল সেবার প্রাতিষ্ঠানিকীকরণ এবং জাতীয় ও বিশেষায়িত সনদ কোর্স চালুর লক্ষ্যে আজ রোববার আইন মন্ত্রণালয়ে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে দেশের মানুষের মধ্যে এমন একটি ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে, যাতে তাঁরা উপলব্ধি করতে পারবেন যে যেকোনো পরিস্থিতিতেই তাঁরা অসহায় নন এবং আইনি প্রতিকার থেকে বঞ্চিত নন। এ লক্ষ্য অর্জনে প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ ও সনদ প্রদানের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে মন্ত্রী জানান, দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী থাকলেও তাঁদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ এতদিন পর্যাপ্ত ছিল না। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার প্রথমবারের মতো চলতি অর্থবছরে আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। বাংলাদেশি বংশোদ্ভূত একটি ব্রিটিশ বিশেষজ্ঞ দলের মাধ্যমে এই প্রশিক্ষণ বাস্তবায়িত হবে এবং মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে শিগগিরই কার্যক্রমটি উদ্বোধন করা হবে।

অ্যাটর্নি জেনারেল থাকাকালীন নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মো. আসাদুজ্জামান বলেন, সে সময় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক ইন্টার্নশিপ কর্মসূচি চালু করা হয়েছিল, যা তরুণ আইনজীবীদের দক্ষতা বিকাশে সহায়ক হচ্ছে। পাশাপাশি আইনজীবীদের সহকারীদের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ না থাকার বাস্তবতায় প্যারালিগ্যাল কর্মীদের দক্ষ করতে এই যৌথ উদ্যোগকে তিনি স্বাগত জানান।

সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে আইনমন্ত্রী জানান, মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে মানুষের আস্থা বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মধ্যস্থতার আবেদন পড়েছিল ৩৫ হাজার ৫৯৬টি, যা ২০২৬ সালের একই সময়ে ১৬৭ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ৯৫ হাজার ৩১২টিতে দাঁড়িয়েছে। একই সময়ে বিরোধ নিষ্পত্তির সংখ্যা ২৯ হাজার ৮৩৭টি থেকে ১৪৬ দশমিক ২০ শতাংশ বেড়ে ৭৩ হাজার ৪৫৯টিতে এবং মধ্যস্থতা চুক্তির সংখ্যা ৯ হাজার ৯১৫টি থেকে ১০৮ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ২০ হাজার ৬৮৭টিতে উন্নীত হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণের ফলে মক্কেল হারানোর আশঙ্কায় কোনো কোনো জেলার কিছু আইনজীবী এর বিরোধিতা করলেও আলোচনার মাধ্যমে অধিকাংশকে বোঝানো সম্ভব হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সমঝোতা স্মারকের আওতায় প্যারালিগ্যাল কর্মীদের দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির অভিন্ন জাতীয় মানদণ্ড নিশ্চিত করা হবে। এর অধীনে দুটি পৃথক কর্মসূচি বাস্তবায়িত হবে—প্রথমত, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর সহযোগিতায় বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (এফডিএমএন) আইনগত সহায়তায় বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স; এবং দ্বিতীয়ত, জিআইজেড-এর সহায়তায় সর্বস্তরের জনগোষ্ঠীর জন্য একটি মানসম্মত জাতীয় প্যারালিগ্যাল যোগ্যতা সনদ কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন।

উভয় কোর্সের পাঠ্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক তত্ত্বাবধানে প্রণীত হবে এবং সফল প্রশিক্ষণার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সনদ দেওয়া হবে। এ ছাড়া দীর্ঘমেয়াদে একটি সমন্বিত ‘প্যারালিগ্যাল কাউন্সিল’ গঠনের বিষয়টিও সমঝোতা স্মারকে অন্তর্ভুক্ত রয়েছে।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মঞ্জুরুল হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ইউএনএইচসিআর-এর বাংলাদেশ প্রতিনিধি ইভো ফ্রেইজেন এবং জিআইজেড-এর অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন প্রকল্পের সিনিয়র অ্যাডভাইজার সৈয়দ জিয়াউল হাসান। বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও আশ্রিত রোহিঙ্গাদের আইনগত সহায়তা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...