বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মডেল স্কুল করবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য মডেল স্কুল করবে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রতিটি জেলায় একটি করে মডেল স্কুল স্থাপন করা হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

এসব স্কুলে যেসব শিক্ষক শিক্ষকতা করবেন, তাদের বিশেষভাবে প্রশিক্ষণের জন্য বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়াও, সাভারের ১২ একর জায়গার ওপর অলিম্পিক ভিলেজ নির্মাণের কাজ চলমান রয়েছে, যেখানে এসব শিশুদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও খেলাধুলার ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

রোববার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এটিএন নিউজ আয়োজিত ‘পাওয়ার প্যারেন্টস ২০২৬’-এর সম্মাননা প্রদান অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, সরকার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। সে লক্ষ্যে সব মন্ত্রণালয় একযোগে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে অনুদান প্রদান করলে ট্যাক্স রিবেট পাওয়া যায়—এ কথাও তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন এবং সকলকে এসব শিশুর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, সমাজের সকলের মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি মানবতাবোধ তৈরিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অব্যাহতভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, এটি কোনো যান্ত্রিক বিষয় নয়, এটি একটি মানবিক বিষয়। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা যদি এগিয়ে আসেন এবং এই শিশুদের কল্যাণে নানা উদ্যোগ নেন, তবে তারা খুব সহজেই সমাজের মূল স্রোতে মিশে যেতে পারবে।

অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর মায়েদের সংগ্রামের গল্প শোনেন এবং শিশুদের পরিবেশনায় বিভিন্ন ধরনের একক ও দলীয় গান ও নৃত্য উপভোগ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ড. মাহফুজুর রহমান, বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেমসহ চ্যানেলটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কলাকুশলী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সম্মানিত অভিভাবকগণ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন