পুলিশ প্রশাসনের গুরুত্বপূর্ণ সাতটি পদে রদবদল এনেছে সরকার। অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পর্যায়ে এই রদবদলের ফলে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), র্যাব (সাবেক এসআরবি), হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও রাজশাহী রেঞ্জ পুলিশে নতুন মুখ আসছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, র্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে।
এছাড়া হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে র্যাবের নতুন মহাপরিচালক করা হয়েছে এবং পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনকে রাজারবাগ পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে। আর গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব দেওয়া হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী রেঞ্জের তৎকালীন ডিআইজি মো. আশিক সাঈদ। তাঁর স্থলাভিষিক্ত হয়ে রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে পদায়ন পেয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌহিফ আহমেদ এতে স্বাক্ষর করেছেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


