রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন সুইসগেট থেকে আলম মুন্সি (৭৪) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের বারান্দা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৩ বছর। এই দুই ঘটনার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রামপুরা ব্রিজসংলগ্ন সুইসগেটে পানিতে ভাসমান অবস্থায় আলম মুন্সির লাশ পাওয়া যায়। খবর পেয়ে রামপুরা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বৃদ্ধের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে তার স্বজনদের খবর দেওয়া হয়। আলম মুন্সির গ্রামের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ী গ্রামের মুন্সিবাড়িতে। তিনি ঢাকায় ভবঘুরে হিসেবে বসবাস করতেন।
এসআই সাইফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
অন্যদিকে, মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডের বারান্দায় এক যুবককে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে ওই ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। তার কোনো স্বজনেরও খোঁজ পাওয়া যায়নি। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।
ওয়ার্ড মাস্টার রিয়াজ জানান, কে বা কারা ওই যুবককে ৬০২ নম্বর ওয়ার্ডে রেখে গেছে, তা জানা যায়নি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল কি না, সে সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। তাকে দেখে ভবঘুরে বলে মনে হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


