আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় সড়ক পরিবহনমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় সড়ক পরিবহনমন্ত্রীর শোক

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার রাতে এক শোকবার্তায় মন্ত্রী বলেন, এ ধরনের হৃদয়বিদারক দুর্ঘটনা জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনার পরপরই দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ ও স্থানীয় জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই মর্মান্তিক দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন এবং দ্রুততম সময়ে তা সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।

এদিকে, দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন