ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে: খেলাফত মজলিস

ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বের মর্যাদা বুঝতে হবে: খেলাফত মজলিস

ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার মর্যাদা রক্ষায় ভারতকে বাস্তবতা বোঝার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়া ও এ দেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অভিযোগ তুলে দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর এ ধরনের বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি হুমকি। বাংলাদেশের মানুষ কোনো বিদেশি রাষ্ট্রের করুণা বা অনুকম্পায় স্বাধীনতা অর্জন করেনি উল্লেখ করে তিনি বলেন, রক্ত ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষায় এ দেশের মানুষ ঐক্যবদ্ধ ও আপসহীন।

বিজ্ঞাপন

তিনি বলেন, বাংলাদেশ কোনো করদ রাজ্য বা আশ্রিত ভূখণ্ড নয় কিংবা অন্য কোনো রাষ্ট্রের সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রও নয়। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ; দিল্লি বা অন্য কোনো দেশের রাজনৈতিক নেতা বা গোষ্ঠী নয়। ১৬ ডিসেম্বরকে সামনে রেখে এ ধরনের বক্তব্য দেশের মানুষের আত্মমর্যাদার ওপর আঘাত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

খেলাফত মজলিসের মহাসচিব দাবি করেন, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধির বক্তব্যে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি ও আধিপত্যবাদী মনোভাব স্পষ্ট হয়ে উঠছে। অতীতে শুভেন্দু অধিকারীর মন্তব্য এবং সাম্প্রতিক বক্তব্য একই প্রবণতার অংশ বলে তিনি মন্তব্য করেন। এ ধরনের বক্তব্য আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও পারস্পরিক আস্থার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বলে বিবৃতিতে বলা হয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূরাজনৈতিক গুরুত্বকে উপেক্ষা করে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের ভূখণ্ড ও সহযোগিতার কৌশলগত গুরুত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সম্মান, সমতা ও সহযোগিতার ভিত্তিতেই প্রতিবেশী সম্পর্ক টিকে থাকে।

বিবৃতিতে সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, অবিলম্বে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠাতে হবে এবং ভারতীয় হাইকমিশনারকে তলব করে এ বক্তব্যের ব্যাখ্যা ও ভবিষ্যতে এমন মন্তব্য বন্ধের নিশ্চয়তা চাইতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বিষয়টি তুলে ধরার আহ্বান জানানো হয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ আরও বলেন, কোনো হুমকি দিয়ে এ দেশের মানুষকে ভীত করা যাবে না এবং বাংলাদেশের ভূখণ্ডের ওপর কোনো বিদেশি রাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা মেনে নেওয়া হবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতি ঐক্যবদ্ধ থাকবে বলে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...