বর্ষার আগেই বেশি বৃষ্টি, থাকবে আরো দু’দিন

স্টাফ রিপোর্টার

বর্ষার আগেই বেশি বৃষ্টি, থাকবে আরো দু’দিন

আগামী সোমবার থেকে সারাদেশে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে এবং সেইসাথে তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। প্রাক-বর্ষা মৌসুম কিছুটা সরে আসায় এ বছর এপ্রিলের শেষের দিক থেকেই দেশে বেশি বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণা বায়ু এবং দেশে ক্রমাগত বজ্র মেঘ তৈরি হওয়া এর মূল কারণ বলে জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুননেসা বলেন, ‘পশ্চিম দিকে সৃষ্ট ঝঞ্ঝার কারণে দেশে বজ্র মেঘ তৈরি হচ্ছে, ফলে এবার বর্ষা মৌসুমের আগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, এ অবস্থা আগামী ৪ মে পর্যন্ত দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে নতুন করে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় বৃহস্পতিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে ওইসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারী বৃষ্টিপাত। এদিকে আজ বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে প্রচুর বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের সীতাকুন্ডে ৬০ মিলিমিটার। এদিন রাজধানীতে বৃষ্টি হয়েছে ২০ মিলিমিটার।

আবহাওয়া দপ্তরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সংস্থাটির ৫১ টি পর্যবেক্ষণ কেন্দ্রের সব ক’টিতেই আজ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে পাল্পা দিয়ে কমেছে সর্বোচ্চ তাপমাত্রাও। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস; যা ছিল সাতক্ষীরায় ৩৩ দশমিক। তবে আগের দিনের তুলনায় আজ বৃহস্পতিবার রাজধানীতে তাপমাত্রা কিছুটা বেড়ে হয়েছে ২৯ দশমিক ৮, যা আগের দিন বুধবার ছিল ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা শুক্রবার ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

একইভাবে ৪ মে পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকার কথা জানিয়েছে সংস্থাটি। একই সাথে আগামী সোমবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে সারাদেশের তাপমাত্রা বাড়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর।

এছাড়া, নতুন পূর্বাভাসে দেশে আট বিভাগেই নতুন করে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত এবং সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত অব্যাহত রেখেছে। দেশের আবহাওয়ার এ পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ বলে আখ্যায়িত করে ঝড় ও বজ্রপাতের বিষয়ে দেশবাসীকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন আবহাওয়াবিদ ড. ওমর ফারুক।

এর আগে গত মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কথা জানায়। মঙ্গলবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়। এরই মধ্যে বিশেষ করে উত্তর–পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নেত্রকোনার কংস, সোমেশ্বরী এবং মৌলভীবাজারের মনু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। প্রবল বৃষ্টিতে নেত্রকোণা, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

আবহাওয়াবিদে তরিফুল নেওয়াজ কবীর বলেন, দেশে বিচ্ছিন্নভাবে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর থেকে পুনরায় তাপমাত্রা বাড়তে থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...