ইসির সীমানা নিয়ে শুনানি: ভেতরে সুনসান, বাইরে উত্তেজনা

ইসির সীমানা নিয়ে শুনানি: ভেতরে সুনসান, বাইরে উত্তেজনা

ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানার শুনানির ঘিরে ভিন্ন চিত্র দেখতে পাওয়া যায়। নির্বাচন ভবনের ভেতরে সুনসান, বাইরে উত্তেজনা-ক্ষোভ। ঢাকার তুরাগ, কামরাঙ্গীরচর, দোহার ও নবাবগঞ্জের জনগণ ইসির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেন। এ সময় নির্বাচন কমিশন (ইসি) শুনানি কক্ষে সংশ্লিষ্ট এলাকার মানুষের শুনানি শুনেছেন ।

মঙ্গলবার বেলা আড়াইটা থেকে ঢাকা অঞ্চলে সংসদীয় আসনের সীমানা বিন্যাস ইস্যুতে শুনানি কার্যক্রম শুরু হলে ভবনের বাইরে এই চিত্র দেখা যায়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, তুরাগকে সংসদীয় আসন ঢাকা-১৮ থেকে ঢাকা-১৬–এ সংযুক্ত করা চলবে না—এমন দাবি জানিয়েছেন তুরাগের সর্বস্তরের জনগণ। নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করে ইসির কাছে তারা এই দাবি জানান।

ফুয়াদ হোসেন নামের এক এলাকাবাসী সাংবাদিকদের বলেন, তুরাগের জনগণ ঢাকা-১৮ আসনের সঙ্গে অভ্যস্ত। তারা ঢাকা-১৬ আসনের সঙ্গে সংযুক্ত হতে চান না। আশা করি নির্বাচন কমিশন ঢাকা-১৮ আসনের জনগণের এ দাবিকে মূল্যায়ন করবে।

এদিকে কামরাঙ্গীরচরের জনগণের ব্যানারে একদল এলাকাবাসী ঢাকার দক্ষিণ সিটির ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে ঢাকা-৭ আসনের সঙ্গে যুক্ত করায় ইসিকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা ৫৫ নম্বর ওয়ার্ডকেও ঢাকা-৭ আসনের সঙ্গে যুক্ত করার দাবি জানান। দোহার ও নবাবগঞ্জ উপজেলা সর্বস্তরের জনগণের ব্যানারে একদল এলাকাবাসী ঢাকা-১ আসনকে পুনর্বিন্যাস না করার দাবি জানিয়েছেন। শিকারীপাড়া ইউনিয়নের বিএনপি নেতা সাখাওয়াত হোসেন বলেন, দোহার ও নবাবগঞ্জ আলাদা আসন করলে আমাদের কোনো আপত্তি নেই। আমাদের মূল দাবি হলো জয়কৃষ্ণপুর, শিকারীপাড়া, বারুয়াখালী ইউনিয়নকে যেন নবাবগঞ্জ উপজেলা থেকে আলাদা না করা হয়।

ইসি কর্মকর্তা জানান, সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা অঞ্চলের ১৪টি আসনের (১৬৭ মানিকগঞ্জ-১, ১৬৮ মানিকগঞ্জ-২, ১৬৯ মানিকগঞ্জ-৩, ১৭০ মুন্সিগঞ্জ-১, ১৭১ মুন্সিগঞ্জ-২, ১৭২ মুন্সিগঞ্জ-৩, ১৯৪ গাজীপুর-২, ১৯৮ গাজীপুর-৬, ২০১ নরসিংদী-৩, ২০২ নরসিংদী-৪, ২০৩ নরসিংদী-৫, ২০৬ নারায়ণগঞ্জ-৩, ২০৭ নারায়ণগঞ্জ-৪ ও ২০৮ নারায়ণগঞ্জ-৫) শুনানি গ্রহণ করা হয়।

আরও জানান, দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অঞ্চলের আরও ১৩টি আসনের (১৭৩ ঢাকা-১, ১৭৪ ঢাকা-২, ১৭৫ ঢাকা-৩, ১৭৬ ঢাকা-৪, ১৭৭ ঢাকা-৫, ১৭৮ ঢাকা-৬, ১৭৯ ঢাকা-৭, ১৮২ ঢাকা-১০, ১৮৬ ঢাকা-১৪, ১৮৭ ঢাকা-১৫, ১৮৮ ঢাকা-১৬, ১৯০ ঢাকা-১৮ ও ১৯১ ঢাকা-১৯) দাবি-আপত্তির বিষয়ে শুনানি হয়।

আগামীকাল ২৭ আগস্ট রংপুরের সাতটি, রাজশাহীর ২৩টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরের ১৮টি এবং সিলেট অঞ্চলের দুটি দাবি-আপত্তির শুনানি হবে। শুনানি শেষে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি।

গত ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে ইসিতে। এগুলোই নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।

এ ছাড়া পরিবর্তন আনা হয় মোট ৪০টি আসনে। এগুলো হলো— পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; সাতক্ষীরা-৩ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩ আসন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন