মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন

সংসদ রিপোর্টার

মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন সংশোধন বিল সংসদে উত্থাপন
ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিচালনা সহজতর করা এবং চিকিৎসা শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কোম্পানি প্রতিষ্ঠা ও তাতে বিনিয়োগের ক্ষমতা প্রদানের লক্ষ্যে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।

গতকাল রোববার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশে উচ্চশিক্ষা, চিকিৎসা গবেষণা এবং উন্নত স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ অনুযায়ী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হলেও পর্যাপ্ত চিকিৎসক ও সহায়ক জনবলের অভাব এবং সুস্পষ্ট পরিচালন কাঠামো না থাকায় হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি।

হাসপাতালটি কার্যকরভাবে পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কোম্পানি আইন, ১৯৯৪-এর অধীন এটি পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। এ কারণে বিদ্যমান আইনে সংশোধন আনা প্রয়োজন হয়ে পড়েছে।

প্রস্তাবিত সংশোধনীতে বিশ্ববিদ্যালয়কে চিকিৎসা শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণের উদ্দেশ্যে লাভজনক কিংবা অলাভজনক কোম্পানি বা প্রতিষ্ঠান গঠন, সেসব প্রতিষ্ঠানে শেয়ার ক্রয়, ধারণ ও হস্তান্তরের ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বিল অনুযায়ী, এ কাঠামোর অধীন আন্তর্জাতিক মানের বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হলে বিশ্ববিদ্যালয়টি চুক্তিভিত্তিক দেশি-বিদেশি খ্যাতনামা চিকিৎসক, শিক্ষক ও গবেষকদের নিয়োজিত করতে পারবে। এটি আধুনিক চিকিৎসা প্রযুক্তি, জ্ঞান ও দক্ষতার স্থানান্তরের প্রক্রিয়াকে সহজতর করবে।

বিলে আরো উল্লেখ করা হয়, এসব কোম্পানি থেকে অর্জিত আয় বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও গবেষণা কার্যক্রমে পুনরায় বিনিয়োগ করা যেতে পারে, যা এর সামগ্রিক প্রাতিষ্ঠানিক উৎকর্ষে অবদান রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন