ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ২৬ জন প্রার্থী। তাদের প্রায় অর্ধেকই স্বল্প আয়ের। প্রার্থীদের মধ্যে ৮৩২ জনের বার্ষিক আয় ৫ লাখ টাকার নিচে, যা মোট প্রার্থীর প্রায় ৪১ শতাংশ।
শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বাংলাদেশ নির্বাচন কমিশনে দায়ের করা প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এবারের নির্বাচনে অংশ নিতে যাওয়া ৯৫ জনের আয় ১ কোটি টাকার বেশি। ৭৪১ জন প্রার্থীর আয় ৫ থেকে ২৫ লাখ টাকা। ২৫ লাখ থেকে ৫০ লাখ টাকা আয় করেন ১৩২ জন। ৭১ জনের আয় ৫০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে। তবে হলফনামায় আয়ের ঘর পূরণ করেননি এমন প্রার্থীর সংখ্যা ১৫৫ জন।
নির্বাচনে শীর্ষ আয়কারীদের তালিকাও তুলে ধরা হয়েছে সুজনের তথ্যে। সুজনের তথ্যে আরো বলা হয়েছে, বছরে কোটি টাকার বেশি আয় করেন এমন প্রার্থীদের মধ্যে ৫১ জনই বিএনপির। ২৫ জন স্বতন্ত্র প্রার্থী এবং পাঁচজন জাতীয় পার্টি মনোনীত।
বিশ্লেষণে সুজন দেখিয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় কোটি টাকার বেশি আয়ের প্রার্থী এবং ৫ লাখ টাকার কম আয়ের প্রার্থী কিছুটা কমেছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনে এই হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৭৭ শতাংশ এবং ৪৫ শতাংশ। এবারের নির্বাচনে তা যথাক্রমে ৪ দশমিক ৫৯ শতাংশ ও ৪১ শতাংশ।
আয়ের দিক থেকে শীর্ষ ১০ প্রার্থী
সুজন বলছে, এবারের নির্বাচনে শীর্ষ আয়কারীদের তালিকায় ছয়জনই বিএনপি মনোনীত প্রার্থী। শীর্ষ ১০ প্রার্থীর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেউ নেই। এ ছাড়া বাকি চারজনের মধ্যে তিনজন স্বতন্ত্র ও একজন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী।
তালিকায় শীর্ষে রয়েছে কুমিল্লা-৮ আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের। তার বার্ষিক আয় প্রায় ৬০ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে টাঙ্গাইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুল ইসলাম (প্রায় ৪০ কোটি টাকা)। প্রায় ১৯ কোটি টাকা বার্ষিক আয় নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে লক্ষ্মীপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী।
এছাড়া তালিকায় চতুর্থ বিএনপির প্রার্থী মির্জা আব্বাস (আয় ৯ কোটি টাকার বেশি)। ৮ কোটি টাকার বেশি আয় নিয়ে পঞ্চম অবস্থানে আছেন টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর।
বাকি পাঁচজন হলেন— যথাক্রমে কক্সবাজার-১ আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ, কুমিল্লা-৫ আসনের বিএনপির প্রার্থী মো. জসীম উদ্দিন, নেত্রকোনা-১ আসনের বিএনপির প্রার্থী কায়সার কামাল, চট্টগ্রাম-১৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম রাহী এবং কুমিল্লা-৭ আসনের বিএনপির প্রার্থী রেদোয়ান আহমেদ। তাদের সবার আয় ৪ থেকে সাড়ে ৬ কোটি টাকার মধ্যে।
সংবাদ সম্মেলনে তথ্য উপস্থাপন করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার। আরো উপস্থিত ছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার, কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে