বাংলাদেশে মদপানের জন্য লাইসেন্স বাধ্যতামূলক থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনের (স্বতন্ত্র) সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, মোটরসাইকেল চালাইতে লাইসেন্স লাগে, দোকান চালাইতেও লাইসেন্স লাগে। এখন শুনি মদ খাইতেও নাকি লাইসেন্স লাগে। এটা কোন দেশের আইন আমি জানি না।”
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, মদ কি মাদক—এ বিষয়ে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “মাদক আর মদ, এটা মেলানো দরকার। কারণ পুলিশ একটা ব্যবসা পাইছে। এক বোতল মদ পাইলে মানুষকে মামলা দেয়।”
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো নয়। এ অবস্থায় পুলিশের বাজেট বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন।
এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, বিভিন্ন এলাকায় থানার টহল গাড়ির ঘাটতি রয়েছে। পর্যাপ্ত টহল না থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

