সংস্কারের নামে আন্দোলন: দুদকের জালে এনবিআরের ১১ কর্মকর্তা

সংস্কারের নামে আন্দোলন: দুদকের জালে এনবিআরের ১১ কর্মকর্তা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই দফায় ১১ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকির সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

মঙ্গলবার দুদকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে রোববার আরেক বিবৃতিতে ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের বিষয়টি জানায় দুদক।

বিজ্ঞাপন

প্রথম দফায় যাদের বিরুদ্ধে তদন্ত শুরুর কথা জানানো হয় তারা হলেন—আয়কর নীতি বিভাগের সদস্য এ কে এম বদিউল আলম; নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার; ঢাকা-৮ কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মির্জা আশিক রানা; ঢাকা কর অঞ্চল-১৬ অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা; ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কণ্ডু এবং বিএসএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান।

দ্বিতীয় দফায় তদন্তের আওতায় আসা পাঁচ কর্মকর্তা হলেন—এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের অতিরিক্ত কমিশনার আব্দুল রশীদ মিয়া, এনবিআরের সদস্য লুতফুল আজীম, এনবিআরের সিআইসি সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন, ঢাকা কর অঞ্চল-১৬ এর উপ-কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম এবং যুগ্ম কমিশনার মো. তারেক হাছানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করেছে।

বিগত কয়েক বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ উঠেছে এই ১১ কর্মকর্তার বিরুদ্ধে।

এ বিষয়ে দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানিয়েছেন—অনিয়ম-দুর্নীতি মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এনবিআরের ১১ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

দুদকের অনুসন্ধানের ঘোষণা পর পরই রোববার রাতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের ‘শাটডাউনসহ’ সব কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মে’র পর থেকে আন্দোলন করে আসছিলেন এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন