আলোচনা সভায় বক্তারা

দুর্নীতিমুক্ত প্রশাসন ও শ্রমিকবান্ধব নীতি ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব

স্টাফ রিপোর্টার

দুর্নীতিমুক্ত প্রশাসন ও শ্রমিকবান্ধব নীতি ছাড়া টেকসই উন্নয়ন অসম্ভব

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে রাজধানীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেছেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে এবং প্রশাসনিক দুর্নীতি বন্ধ না করলে দেশের উন্নয়ন টেকসই হবে না।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) অডিটোরিয়ামে সিটিজেনস এগেইনস্ট করাপশন (সিএসি) এ সভার আয়োজন করে। ‘শ্রমিকের অধিকার, দুর্নীতির অবসান: সমৃদ্ধ আগামীর স্বচ্ছ অভিযান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, শ্রমিকবান্ধব নীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসন ছাড়া উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়। তিনি রাষ্ট্র, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন সিএসির চেয়ারম্যান ইউসুফ হোসেন। তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও শ্রমিকরা এখনও নানা ক্ষেত্রে বঞ্চনার শিকার। অনেক শ্রমিক ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন। এই বৈষম্য দূর করতে কার্যকর শ্রমনীতি প্রণয়ন ও বাস্তবায়নের ওপর তিনি জোর দেন।

তিনি আরো উল্লেখ করেন, গার্মেন্টস, নির্মাণ, পরিবহনসহ বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের জন্য নিরাপত্তা, চিকিৎসাসেবা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এসব মৌলিক অধিকার নিশ্চিত না হলে শ্রমখাতের উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলে তিনি সতর্ক করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সালমান মাহমুদ। তিনি বলেন, দুর্নীতি ও অনিয়ম দূর করে একটি শ্রমিকবান্ধব, ব্যবসাবান্ধব ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সিএসি কাজ করছে এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে অর্থনীতিবিদ ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত করা শুধু নৈতিক দায় নয়, এটি অর্থনৈতিক অগ্রগতির অন্যতম ভিত্তি। তিনি শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

খোরশেদ আলম খসরু বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম। শিল্প ও সংস্কৃতি—উভয় ক্ষেত্রেই তাদের পরিশ্রম জড়িয়ে আছে। তাই শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন, শ্রমিক অধিকার রক্ষার পাশাপাশি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

রাজনৈতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান রিজু, কবি আশরাফুল ইসলাম, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরাসহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...