ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেনের ওপর একটি গার্মেন্টস কোম্পানির সন্ত্রাসীদের অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে।
জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেন এক বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেছেন। আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চল-৮-এর ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখানের রাজাবাড়ি এলাকার এসটিএসে পরিচ্ছন্ন কর্মীদের ওপর নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের হামলার ঘটনা পরিদর্শনকালে এই অতর্কিত আক্রমণের ঘটনা ঘটে।
রোববার সকালে পরিচ্ছন্ন কর্মীদের ওপর হামলার ঘটনায় দুপুরে ডিএনসিসি প্রশাসক এবং সংসদ সদস্যসহ থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে পরিচ্ছন্ন কর্মীদের সঙ্গে গার্মেন্টস মালিকপক্ষ পুনরায় দুর্ব্যবহার করেন।
এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ডিএনসিসি প্রশাসক ও এমপির সামনে গার্মেন্টস মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।
হামলায় কয়েকজন আহত হন এবং পুলিশ মালিকপক্ষের একজনসহ তিন ভাড়াটে সন্ত্রাসীকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
পরে পরিস্থিতি শান্ত হলে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।
এদিকে, আহত পরিচ্ছন্ন কর্মীদের দেখতে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান প্রশাসক ও সংসদ সদস্য, এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রশাসক জানান, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আজ সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এসটিএসে কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের ওপর স্থানীয় নেপচুন এক্সেসরিজ গার্মেন্টসের মালিকপক্ষের লোকজন হামলা করে।
হামলায় চারজন গুরুতর আহতসহ ১৫/২০ জন পরিচ্ছন্ন কর্মী আহত হন। গুরুতর আহত চারজনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


