বিচারকাজ দ্রুত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন উপদেষ্টা এ কথা বলেন।
এর আগে গত ৮ মে হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করে সরকার। তিন সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রাপ্ত অভিযোগ ও অভিযুক্তের সংখ্যা, দ্রুত বিচার-নিষ্পত্তির প্রয়োজন, কাজের চাপ ইত্যাদি বিবেচনায় দ্বিতীয় এই ট্রাইব্যুনাল গঠন করা হয়।
জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় হত্যা, গণহত্যা, গুমসহ মানবতাবিরোধী নানা ধরনের অপরাধের বিচার কার্যক্রম দ্রুত করতে দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
এর আগে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বিরোধীতাকারীদের বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের বিচার করতে ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এরপর বিচারের গতি দ্রুত বাড়াতে ২০১২ সালের ২২ মার্চ আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়। তিন বছর পর মামলার চাপ কমে যাওয়ায় ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুই ট্রাইব্যুনালকে একীভূত করে একটি ট্রাইব্যুনাল করা হয়। যা এখনও অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

