প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বারেরমতো আজই তার গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িতে পতাকা উড়তে দেখা যায়।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড-২০২৬ অনুষ্ঠানেও জাতীয় পতাকাবাহী গাড়িতে আসেন প্রধানমন্ত্রী।
এছাড়া বৃহস্পতিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে।
প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যগণ, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
পরে দলীয় প্রধান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রিপরিষদের পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

