যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
রোববার সচিবালয়ে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত সভায় প্রধানমন্ত্রী

ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা দ্রুত চিহ্নিত করে তা দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন তিনি। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন।

প্রকল্প বাস্তবায়নে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত দূর করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে বলেন। একই সঙ্গে প্রকল্পের কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং সে অনুযায়ী কাজ এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রকল্পে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। বিদ্যমান পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে নির্মাণকাজ এগিয়ে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন