ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ সোমবার দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বাংলাদেশের দূত তার স্ত্রী সাজিয়া আহমেদকে সঙ্গে নিয়ে গান্ধী বেদিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন। এর আগে রিয়াজ হামিদুল্লাহ রাজঘাটে পৌঁছালে সর্বভারতীয় গান্ধী সমিতির সাধারণ সম্পাদক তাকে স্বাগত জানান। শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশের হাইকমিশনার পরির্দশন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন বইয়ে তিনি লেখেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে রাজঘাটে উপস্থিত হয়ে মহাত্মা গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমার জন্য সম্মান এবং সৌভাগ্যের বিষয়।
প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলাদেশিরা গান্ধীজিকে তাঁর দৃঢ় মূল্যবোধের জন্য শ্রদ্ধা জানায়। মানুষের প্রতি সহানুভূতি, সম্প্রীতি ও সহনশীলতা গান্ধীজির বৈশিষ্টকে আমাদের সামনে তুলে ধরে। গান্ধীজি সারা জীবন বহুত্ববাদ, অন্তর্ভুক্তি ও ধর্মনিরপেক্ষতার পক্ষে ছিলেন। ভারতের জনগণের জন্য তার ভাবনা আজও ভারতের বাইরের মানুষের জন্য অনুসরনীয়।
গান্ধীজির দর্শন আমাদের সবাইকে আজও অনুপ্রাণিত করে। তার আদর্শ ও মূল্যবোধ সকল দেশ ও সম্প্রদায়ের মধ্যে শান্তি-সম্প্রতি বাড়াতে সহায়তা করে।
রিয়াজ হামিদুল্লাহ ভারতে দায়িত্ব নেয়ার পর দু’দেশের সম্পর্ক উন্নয়নে নানা ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। গত ২৩ জুন কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সাথে তিনি সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া তিনি কলকাতার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


