আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

আমার দেশ অনলাইন

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে একটি বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে এ বার্তা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

বার্তায় দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর বৈদেশিক উপদেষ্টা হুমায়ুন কবির আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করেন।

লিখিত বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেছেন। এর মধ্যে রয়েছে— দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং উভয় দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে একে অপরকে সহযোগিতা করা।

বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি ও অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন