সারাদেশেই বর্ষার বৃষ্টি হচ্ছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সপ্তাহের ব্যবধানে মৌসুমি বায়ু সারাদেশে বিস্তার লাভ করে সক্রিয় হয়েছে। এর আগে গত শনিবার দুপুরে টেকনাফ উপকূল হয়ে চট্টগ্রাম অঞ্চলে প্রবেশ করে তা এখন দেশজুড়ে বিস্তার লাভ করে সক্রিয় রয়েছে।
শুক্রবার ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের প্রতিটি বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগের ফেনিতে ১০৩ মিলিমিটার। এদিন রাজধানীতেও ভারী বৃষ্টি হয়েছে। ঢাকায় বিকাল ৩টা থেকে সন্ধ্যা ছয়টা নাগাদ তিন ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতে এ প্রতিবেদন লেখা নাগাদ আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আরো বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৪ ঘণ্টায় কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে, সেটিকে ধরা হয়ে থাকে অতিভারী বৃষ্টিপাত।
অন্যদিকে শুক্রবার সারাদেশের মধ্যে রাজধানী ঢাকায় তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস। এতে দিনজুড়ে রাজধানীতে ভ্যাপসা গরমের দাপট ছিল আগের কয়েকদিনের তুলনায় অনেক বেশি। অবশ্য ভারী বৃষ্টির ফলে সন্ধ্যা ছয়টার দিকে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রীর মতো কমে হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। এতে রাজধানীবাসীর মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।
শুক্রবার সন্ধ্যা ছয়টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এতে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজস্র হ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
শনিবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত ৫দিনের আবহাওয়ার অবস্থায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, মৌসুমি বায়ু মোটামুটিভাবে সারাদেশেই বিস্তার লাভ করে সক্রিয় হয়েছে। এরফলে সারাদেশেই বর্ষার বৃষ্টি হচ্ছে। ৪-৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়তে পারে।
তিনি আরো বলেন, এবার বর্ষায় বৃষ্টি হলেও স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে। এছাড়া এবার এল নিনো সক্রিয় থাকায় সারা বিশ্বেই এর প্রভাব থাকবে। এতে বর্ষাকালে থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে তাপমাত্রার চেয়েও বেশি ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

